ফাইল ছবি
সিলেট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসের এমন তথ্য নিশ্চিত করেছেন সিলেটের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- আগামী তিনদিন সিলেটের আকাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বর্ষা মৌসুমের জন্যই এই বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী তিনদিন প্রায় সিলেটের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। তবে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিই রয়েছে। রোদ-গরমের পর এই গুড়িগুড়ি বৃষ্টি শহরের তাপমাত্রা কিছুটা কমিয়ে এনেছে। আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকদিন সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদী তীরবর্তী এলাকা এবং পাহাড়ি ঢলের ঝুঁকিপূর্ণ অঞ্চলে।
বুধবার (৯ জুলাই) সকাল ০৬ টা থেকে ১২ টা পর্যন্ত ৪ দশমিক ৬ মিলিমিটার এবং দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে সিলেটে গত তিনদিন ধরে টানা গুড়িগুড়ি বৃষ্টি চলছে। মৌসুমি নিম্নচাপের কারণে শুরু হওয়া এই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের ফলে একদিকে যেমন জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে, অন্যদিকে কৃষিক্ষেত্রে এনে দিয়েছে আশার আলো। টানা বৃষ্টির জন্য সিলেটের কৃষকদের মুখে স্বস্তির হাসি ফুটে উঠেছে। গুড়িগুড়ি বৃষ্টিতে দৈনন্দিন জীবনে একদিকে যেমন কিছু সমস্যা তৈরি হচ্ছে, অন্যদিকে এটি প্রকৃতির ভারসাম্য ও কৃষি উৎপাদনের জন্য একটি আশীর্বাদ হিসেবে কাজ করছে বলে মনে করছেন জনসাধারণ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সিলেটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে এই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এই ধরণের আবহাওয়া আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.