প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১৯:৪৪ (শুক্রবার)
সিলেটের রাস্তায় বিআরটিএ, চলছে অভিযান

ছবি: সংগৃহীত

সিলেটের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।


রবিবার (২০ জুলাই) সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান অভিযান শুরু করে বিআরটিএ সিলেট দীর্ঘদিন ধরে অবৈধ অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও পুরনো ফিটনেসবিহীন মিনিবাস চলাচলের অভিযোগ ছিল। সম্প্রতি শুরু হওয়া অভিযানে রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, রবিবার (২০ জুলাই) দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ সবধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।


বিআরটিএ সূত্র জানায়, সিলেটে আনুমানিক আড়াই হাজার পুরোনো বাস-ট্রাক রয়েছে, যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। বিভিন্ন সড়কে অর্ধলক্ষাধিক রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চলাচল করছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএ’র কর্মকর্তারা।


বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আব্দুর রশিদ বলেন, ‘সিলেটের সড়ক-মহাসড়কে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মামলা দায়েরসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এ অভিযান চলছে।’


সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘হরতালের জন্য সাময়িকভাবে অভিযান বন্ধ। তবে শীঘ্রই সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান আবারও শুরু হবে। তবে এর মূল ‍উদ্যোগটা বিআরটিিএ’র। তারা অভিযান চালাবে এবং পুলিশ সার্বিক সহযোগীতা করবে।’


উল্লেখ্য, এর আগে বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সমন্বয় সভায় পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম (সেবা) বলেন, সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে রবিবার (২০ জুলাই)। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই অভিযান চলবে দিন ও রাতে—যা প্রধান সড়ক, মহাসড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত হবে।


ওই সভায় জানানো হয়, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের মেয়াদ ২৫ বছর। এর বেশি সময় চলাচলরত যেকোনো গাড়ি অবৈধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি, রংচটা, বায়ু দূষণকারী ও অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। এই অভিযানের উদ্দেশ্য নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।


এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং), এসএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন, সিএনজি-অটোরিকশা এবং লেগুনা চালক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।


ওই সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের পাশাপাশি গণসচেতনতা তৈরির কাজও চলবে। তবে নির্ধারিত সময়ের পর কেউ অবৈধ যানবাহন নিয়ে রাস্তায় নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/এহিয়া/ইকে