প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৫ ১৯:৪২ (মঙ্গলবার)
জিন্দাবাজারে বিড়াল নিয়ে তু ল কা লা ম!

ছবি: সিলেটভিউ

সিলেটের জিন্দাবাজারে একটি বিড়াল নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের তৎপরতায় বিড়ালকাণ্ডের সমাধান সম্ভব হয়েছে বটে, তবে তার আগে ঝরেছে এক তরুণীর অশ্রু।


ঘটনা সোমবার (৪ আগস্ট) সন্ধ্যার। হঠাৎ জিন্দাবাজার বারুতখানা পয়েন্ট সংলগ্ন সাহিব কমপ্লেক্সের সামনে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুন নেই কোনো দুর্ঘটনাও নয়, অথচ ফায়ার সার্ভিসের গাড়ি! চমকে উঠেন স্থানীয়রা।


ফায়ার সার্ভিসের তোড়জোড় দেখে জড়ো হওয়া পথচারিসহ বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারী বা কাস্টমাররা। সবার লক্ষ্য, সাহিব শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার কার্নিশের দিকে। সেখানে একটি বিড়াল একবার এদিকে, তারপর ওদিকে হাঁটাহাটি করছিল।


এরপর হঠাৎ বিড়ালটি ঐ স্থান থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে- তারপর আবার ভোঁ- দৌড়। হারিয়ে যায় বারুতখানার কোনো এক গলিতে।


পরে জানা গেলো, বিড়ালটি কোনো ভবন থেকে লাফ দিয়ে হোক আর যেভাবে হোক, সাহিব শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার কার্নিশের একিট বিপদজনক জায়গায় পৌঁছে গিয়েছিল। রবিবার বিকেলেই তাকে সেখানে দেখেছেন ঐ ভবনেরই একটি কনসালটেন্সি ফার্মে কর্মরত এক তরুণী।


তিনি সোমবার (৪ আগস্ট) বিকেলের দিকে তার কর্মস্থলে এসেও দেখেন বিড়ালটি একইভাবে ছুটাছুটি করছে। তার প্রাণ কেঁদে উঠে। বুঝতে পারেন, বিড়ালটি ওখান থেকে সরে আসার কোনো পথ পাচ্ছেনা। এরপর তিনি নিজে উদ্যোগী হয়ে সাহিব কমপ্লেক্স কর্তৃপক্ষসহ আশপাশের ভবনগুলোর মালিক ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যোাগাযোগ করেন। বিড়ালটি মুক্ত করার উপায় খুঁজতে থাকেন।


এ প্রসঙ্গে সাহিব শপিং কমপ্লেক্সের প্রতিবেশি আর-বি কমপ্লেক্সের ম্যানেজার নান্টু বলেন, ওই মেয়েটির কান্নাকাটি দেখে আমরা সবাই তাকে আশ্বাস দেই এবং ফায়ার সার্ভিসকেও খবর দেই। কিন্তু শুরুর দিকে তাদের সাড়া না পেয়ে আমরা হতাশ হয়ে পড়ি।


তিনি বলেন. পরে আবার চেষ্টা করা হয়। এবার সাড়া মিলে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। শুরু হয় উদ্ধার তৎপরতা।


তবে তাদের বেশী কিছু করতে হয়নি। মই লাগাতে ও কর্মীদের তোড়জোড় দেখে বিড়ালটি হঠাৎ লাফ দিয়ে নিচে পড়েই আবার দ্রত উঠে ধীর পায়ে পাশের গলি দিয়ে চলে যায় অজানা গন্তব্যে।


তবে তার জানা হলোনা, তাকে উদ্ধারে এক তরুণীর অশ্রুও ঝরেছে। এসময় শতাধিক লোক জড়ো হয়েছিলেন জিন্দাবাজার সাহিব কমপ্লেক্সের সামনে।

 


সিলেটভিউ২৪ডটকম/ইকে