প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ২০:৫২ (শনিবার)
জিল্লুল হক স্মারক গ্রন্থ প্রকাশিত

সর্ব মহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, প্রখ্যাত সালিশ বিচারক ও রাজনীতিবিদ প্রয়াত মো. জিল্লুল হক।


তিনি ‘জিলু চেয়ারম্যান’ হিসেবে পরিচিত ছিলেন সবার কাছে।মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীর স্নেহভাজন জিল্লুল হক আলোচিত ক্রীড়াবিদ হিসেবে দ্যুতি ছড়িয়েছেন বালাগঞ্জের ক্রীড়াঙ্গণে। নিঃস্বার্থ সমাজসেবক ও দক্ষ সালিশ বিচারক হিসেবে তার অবস্থান ছিল অনন্য উচ্চতায়। ১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।সাবেক সংসদ সদস্য,নিখোঁজ জননেতা এম.ইলিয়াস আলীর ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন জিল্লুল হক।
 

বহুমাত্রিক গুণাবলীর অধিকারী ক্ষণজন্মা এই মানুষটিকে স্মরণীয় করে রাখতে তার ইন্তেকালের দুই বছর পর তার ওপর প্রকাশিত হলো "শূণ্যতায় শোকাশ্রু" নামক সমৃদ্ধ স্মারক গ্রন্থ।সেখানে উঠে এসেছে তার জীবন-কর্মের নানা দিক। ১২৮ পৃষ্ঠার স্মারক গ্রন্থটি প্রকাশ করেছে জিল্লুল হক স্মৃতি ফাউন্ডেশন।স্মারক গ্রন্থটি সম্পাদনা করেছেন মরহুমের কনিষ্ঠ পুত্র ছাত্রনেতা ও সাহিত্যিক মাহবুব আহমদ রুমন।সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তরুণ লেখক ও কবি বুরহান উদ্দিন।
 

এই গ্রন্থটির ভূমিকা লিখেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন।

বাণী প্রদান করেছেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, যুগ্ম-সচিব শেখ মতিয়ার রহমান প্রমুখ।
 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন,প্রখ্যাত লেখিকা আমেনা আফতাব, কবি ও দার্শনিক শিকদার মো. কিবরিয়া, লেখক মুসা আল হাফিজ, পুঁথি সম্রাট সাহিত্যিক জালাল খান ইউসুফী, গবেষক আবদুল হাই মোশাহিদ, রশীদ জামীল, প্রাবন্ধিক আবদুর রশীদ তারাপাশী, সাংবাদিক ওয়েছ খসরুসহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, লেখক, গবেষক, সাংবাদিক, শিক্ষকসহ বিশিষ্টজনদের পঁচিশটি প্রবন্ধ স্মারকটিতে স্থান পেয়েছে।

পাশাপাশি স্থান পেয়েছে নিবেদিত পংক্তিমালা ও শ্রদ্ধার্ঘ্য।আছে তাঁর স্থির চিত্র।মোটকথা,একজন জিল্লুল হককে জানতে যা যা দরকার সবই অতি যত্ন সহকারে স্মারক গ্রন্থটিতে স্থান পেয়েছে।গ্রন্থটির গায়ের মূল্য ১৫০ টাকা।বইটি সিলেট ও ওসমানীনগরের উল্লেখযোগ্য বইয়ের দোকানে পাওয়া যাবে। জিল্লুল হকের রাজনৈতিক সতীর্থ, সহকর্মী, অনুসারী, শুভাকাঙ্ক্ষি তো বটেই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে যারা জানতে আগ্রহী এবং যারা গবেষণা করেন, প্রবন্ধ—নিবন্ধ লেখেন তারা এই মূল্যবান স্মারক গ্রন্থটি সংগ্রহ করতে পারেন।এই স্মারক গ্রন্থটি যে দলমত নির্বিশেষে সমানভাবে সমাদৃত হবে তা বলাই বাহুল্য।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১