প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫ ২২:৩৮ (শনিবার)
উন্নয়ন নিয়ে আরিফের হু ঙ্কা র

ছবি: সিলেটভিউ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে হুংকার দিয়েছেন। বলেছেন, এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা না দিলে তরুণ সমাজসহ সিলেটের সর্বস্থরের জনগনকে নিয়ে রাজপথে নামবেন।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) সিলেটভিউ মাল্টিমিডিয়ার নিউজরুম আড্ডার লাইভে তিনি এ হুংকার দেন।

 

সকাল ৭টায় ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে সিলেটবাসীর যোগাযোগ ক্ষেত্রে পিছিয়ে থাকার চিত্র তিনি তুলে ধরেন।

 

শুরুতে ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সিলেট অঞ্চলের জন্য পর্যাপ্ত ট্রেন নেই। যা আছে তাও নোংরা অস্বাস্থ্যকর। রেলওয়ে স্টেশনের পরিবেশও অনুন্নত। দেশের অন্যান্য অঞ্চলের রেল ব্যবস্থাপনা আর সিলেটের রেল ব্যবস্থাপনায় পার্থক্য অনেক বেশী। সিলেট এক্ষেত্রে অনেক পিছিয়ে। রেল লাই সংস্কার হচ্ছেনা। সংস্কার হচ্ছেনা কোনো কিছুই। মঙ্গলবারের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, কারো মৃত্যু হয়নি এটা স্বস্তির। কিন্তু প্রাণহানীর ঘটনা ঘটতে পারতো।

 

তিনি বলেন, শুধু রেল যোগাযোগ কেন? সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও সিলেট অঞ্চল যোজন যোজন পিছিয়ে। গত প্রায় ২০ বছর ধরে আমাদের ৪ লেন ৬ লেনের গল্প শোনানো হচ্ছে। কিন্তু তা আর বাস্তবায়ন হচ্ছেনা। ঢাকায় যেতে হলে কখনো কখনো পুরো ২৪ ঘন্টা নিয়ে টানাটানি পড়ে যায়। আমাদের অসুস্থ রোগীদের বা বিদেশ যাত্রীদের কতভাবে যে হয়রানি হতে হচ্ছে, কতভাবে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তা ভাষায় প্রকাশ করার উপায় নেই।

 

সাবেক সিসিক মেয়র বলেন, দেশের অন্যান্য অঞ্চলের উপজেলা সড়কগুলোও উন্নত। কিন্তু সিলেটের কোথাও কোনো সড়ক ভালো নেই। আমদের সঙ্গে সর্বক্ষেত্রে একটা বিমাতাসুলভ আচরণ চলছে।

 

বিমাণ যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, কাজিরবাজারের গরুর হাটিতে যেমন একেকটা গরুর একেক সময় একেক দাম হাঁকা হয়, তেমনি বিমাণ চলাচলের ক্ষেত্রেও সিলেটবাসী তেমন হয়রানির শিকার। বিভিন্ন এয়ারলাইন্স টিকিটের দাম সকালে তিন হাজার, দুপুরে ৭ হাজার আবার রাতে ১২/১৪ হাজার টাকা করে নেয়। এ অবস্থায় আমরা কোথায় যাবো কার কাছে যাবো? প্রশ্ন রাখেন আরিফ।

 

সিলেট যেন দেশের বাইরের কোনো বিচ্ছিন্ন অংশ উল্লেখ করে এসবের পেছনের কারণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, জাতীয় পর্যায়ে আমাদের সিলেটের নেতৃত্ব নেই। এমনকি এই সরকারেও সিলেটের কোনো প্রতিনিধি নেই। সরকারে চট্টগ্রামের উপদেষ্টার সংখ্যা বেশী, সেখানে উন্নয়নও হচ্ছে বেশি। কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প হচ্ছে সেখানে। কিন্তু আমাদের কথা কেউ ভাবেন না। বলেনও না। বরং বিভিন্ন অজুহাতে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো আটকে দেওয়া হয়। দেশের সব জেলার উন্নয়নের ক্ষেত্রে টাকা থাকে, কেবল সিলেটের প্রশ্নে টাকা থাকেনা, তহবিলের সংকট দেখানো হয়। অথচ, এই সিলেটের প্রবাসীরাই দেশের অর্থনীতির চাকা, বিশেষ করে রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা রেখেছেন।

 

এ অবস্থা চলতে দেওয়া যায়না। আগামী এক সপ্তাহের মধ্যে সিলেটবাসীর যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে সরকার স্পষ্ট কোনো ঘোষণা না দিলে অবশ্যই আমরা রাজপথে নামবো।

 

তিনি সিলেটের তরুণ সমাজ, বিশেষ করে জুলাই যোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তোমাদের নিয়েই আমরা স্বপ্ন দেখি। সিলেটের উন্নয়নের জন্য, নিজেদের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আবারও আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। সিলেটের আলেম সমাজ, সনাতন ধর্মের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র, উকিল, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।

 

এর কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে