সিলেটে এখন আলোচনার নাম ‘প্রত্যাহার’। এতে যেমন স্বপ্ন ভঙ্গের যন্ত্রণার অবসান হচ্ছে অনেকের, তেমনি দলীয় প্রতীকে লেগেছে উতল হাওয়া। কেবল সিলেট জেলা বা মহানগরীই নয়, এ হাওয়ায় দুলতে শুরু করেছে সিলেট বিভাগ।
এ বিভাগের বিভিন্ন জেলা উপজেলা শহর ও নগরীর অনেক নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি দেওয়া হয়েছিল। সেই শাস্তি ছিল সাময়িক বহিস্কার, কাউকে বা আজীবন বহিস্কার ইত্যাদি ইত্যাদি। তবে যাদেরই বহিস্কার করা হয়েছিল, কোনোনা কোনো সময় দলের জন্য তারা ছিলেন গুরুত্বপূর্ণ। কাজ করেছেন নিষ্ঠার সাথে। দলীয় সব কর্মসূচিতে ছিলেন নির্ভরযোগ্য সৈনিক।
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটভূমিতে আসে ব্যাপক পরিবর্তন। রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আসে দলের অনুকুলে। মোটামুটি সময়টাকে জাতীয়তাবাদী রাজনীতির সুদিন বলেই চিহ্নিত করছেন সচেতন মহল।
এমন এক অবস্থায় বহিস্কৃত নেতাকর্মীরা দলের প্রধানের কাছে আবেদন নিবেদন শুরু করেন। আবেদনের বিষয়, শাস্তি প্রত্যাহার। সঙ্গে প্রতিশ্রুতি, আর কখনোই দলের শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজের সঙ্গে জড়িত থাকবেন না।
সামনেই জাতীয় সংসদ নির্বাচন। এ সময়ে দলের নেতাকর্মীদের ঐক্য যেকোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি ভালোই জানেন বিএনপি হাইকমাণ্ড। তারপর আছে বহিস্কৃত নেতাদের অনুশোচনা। সার্বিক সব বিষয় বিবেচনায় নিয়ে বিএনপিও দারুন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। বহিস্কৃত নেতাদের পর্যায়ক্রমে দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। প্রায় প্রতিদিনই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্র পাচ্ছেন বিভিন্ন বহিস্কৃত নেতা।
চলতি নভেম্বর মাসেই সিলেট বিভাগজুড়ে প্রায় ৭৫ জন নেতার উপর থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলীয় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
বিষয়টি দলের সার্বিক কার্যক্রমে দারুন ইতিবাচক প্রভাব ফেলছে। এসব নেতা দলে ফিরেই নিজের ক্যারিশমা দেখাতে শুরু করেছেন। কখনো উঠান বৈঠক, কখনোবা নারী সমাবেশ, কখনো সভা, কখনোবা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
যেসব আসনে দলীয় প্রার্থী প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া সম্ভব হচ্ছে, ওসব আসনে তারা প্রার্থীর সঙ্গেই চষে বেড়াচ্ছেন মাঠে ময়দানে। আর যেসব আসনে এখনো তা পরিস্কার নয়, সেসব আসনে প্রার্থী নয় কেবল প্রতীক নিয়েই তারা কাজ শুরু করেছেন।
ভোটারদের বলছেন, প্রার্থী যিনি-ই হোন, আমার প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচনে ধানের শীষের জন্যই তারা ভোট চাইছেন।
এতে খুশী সিলেট বিভাগের সাধারণ বিএনপি নেতাকর্মীরা। তাদের মতে, এখন সময় ঐক্য ধরে রেখে দলের জয় নিশ্চিত করা। বিএনপি সেই পথেই আছে দেখে তারা সন্তোষ প্রকাশ করছেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.