প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:৪১ (শুক্রবার)
শোককে শক্তিতে বদলে ঢাকার জয়

ম্যাচ শুরুর আগেই যেন ভারী হয়ে ওঠে ঢাকা ক্যাপিটালসের ড্রেসিংরুম। সহকারী কোচ মাহবুব আলি জাকিরের অসুস্থতার খবর আসে প্রথমে, আর ম্যাচ চলাকালেই নেমে আসে মৃত্যুর দুঃসংবাদ। সেই গভীর শোক বুকে ধারণ করেই মাঠে নামে ঢাকা। হার না মানা মানসিকতা আর দৃঢ়তায় সেই শোককেই শক্তিতে রূপ দেন সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীরা—আর তাতেই আসে এক স্মরণীয় জয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। ১৩৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৭ বল হাতে রেখেই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে হারানো রাজশাহী দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ঢাকার। ওপেনার সাইফ হাসান ৪ বলে মাত্র ১ রান করে ফিরে যান। আরেক ওপেনার উসমান খানও ১৫ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। পাওয়ার প্লে শেষে দুই উইকেটে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৪৩ রান।

তিন নম্বরে নেমে ইনিংসের ভার কাঁধে নেন আব্দুল্লাহ আল মামুন। অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে তিনি দলকে কিছুটা স্থিতি এনে দেন। তবে মিঠুন অল্প রানেই আউট হলে আবার চাপ বাড়ে। পরে মামুনও ৩৯ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফিরে গেলে ম্যাচ জমে ওঠে।

মাঝের ওভারে নাসির হোসেন ধীরগতির ব্যাটিংয়ে ২২ বলে করেন ১৯ রান। একপর্যায়ে ঢাকার দরকার পড়ে ২৫ বলে ৩৫ রান—ম্যাচ তখনও ঝুলে আছে।

সেখান থেকেই দৃশ্যপট বদলে দেন সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারী। মাত্র ১৮ বলে ৩৬ রানের ঝড়ো জুটিতে রাজশাহীর হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেন তারা। সাব্বির ১ চার ও ২ ছক্কায় ১০ বলে করেন ২১ রান। শামীমের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৭ রান।

সব মিলিয়ে শোকের আবহে শুরু হওয়া ম্যাচটি শেষ হয় ঢাকার সাহসী ও আত্মবিশ্বাসী জয়ে—যা শুধু পয়েন্ট টেবিলেই নয়, মানসিক দিক থেকেও দলটিকে অনেক এগিয়ে দিল।
 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া/ এসডি-২১