প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৬ ০০:০০ (বুধবার)
সীমান্তে ঝড় তুলেছেন ‘শ্যামা হক’

খনিজসম্পদ পাথরের সাম্রাজ্য সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ)। এয়োদশ সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেখা দিয়েছে ভোটের মাঠে উত্তাপ। সিলেটের ৬টি আসনসহ বিভাগের অন্য আসনগুলোতে প্রার্থীদেরকে দেখা যায়নি ভোট চাইতে স্ত্রীকে মাঠে নামাতে। কিন্তু আরিফুল হক চৌধুরী বরাবরই ব্যতিক্রম। সিসিক নির্বাচন থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো নির্বাচনে আরিফুল হক চৌধুরী অংশ নিয়েছেন তখনই স্বামীর জন্য ভোট চাইতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সমানতালে ভোট চেয়েছেন শ্যামা হক চৌধুরী। 


তবে এবার তিনি ধানের শীষের জন্য সীমান্তে ঝড় তুলেছেন। ইতোমধ্যে শ্যামা হক চৌধুরী আরিফের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাইতে ছুটে বেড়াচ্ছেন জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের প্রত্যন্ত গ্রামঞ্চলে। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আরিফুল বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আছেন। এর আগে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। 


এ ছাড়া তিনি সিলেট জেলা বিএনপির সদস্য। এর আগে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময়ের ছাত্রদলের প্রভাবশালী এই নেতা।


জানা যায়, বরাবরে মতো এবারও নির্বাচনি মাঠে আলোচনার ঝড় তুলেছেন শ্যামা হক চৌধুরী। আরিফুল হক চৌধুরী স্ত্রী শ্যামা হকের  বাড়ি ময়মনসিংহ শহরের নওমহালে। বিবাহসূত্রে ১৯৯১ সাল থেকে তিনি সিলেটেই রয়েছেন। রাজনীতিতে স্বামী আরিফুল হক সক্রিয় থাকলেও সম্পদের পাহাড় রয়েছে তার। শ্যামা হকের নামে রয়েছে অ্যাপার্টমেন্ট ও অঢেল নগদ টাকা। একই সাথে শ্যামা হক সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের নির্বাচিত পরিচালক। এদিকে সময় যত গড়াচ্ছে  নির্বাচনকে কেন্দ্র করে ততই বাড়ছে শঙ্কা ও উত্তাপ। 


কারণ, এবারই প্রথম সিটি থেকে সীমান্তের জনপ্রতিনিধি হওয়ার জন্য লড়াইয়ে নেমেছেন আরিফ। জামায়াত আর বিএনপি দুদলের কাছে ব্যক্তি ইমেজের বাইরেও এখন দলীয় ইমেজ ধরে রাখার চ্যালেঞ্জ তৈরি হয়েছে।


সূত্র জানায়, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর সাথে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন জামায়াতের জয়নাল আবেদীন। দুজনই ভোটের রাজনীতিতে খুবই দক্ষ। ভোটারদের ভোট টানতে হয় কিভাবে সেই কারিশমা তাদের জানা আছে। তবে এই ক্ষেত্রে আরিফুল হক চৌধুরী বরাবরই দক্ষতার প্রমাণ দিয়েছেন। সিসিক থেকে বিজয়রত অর্জন করা আরিফ এবার সীমান্তের জনপ্রতিনিধি হওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দিনরাতে ছুটে বেড়াচ্ছে অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে।  


আরিফের পক্ষে ভোট চাইতে গিয়ে শ্যামা হক বলেন, আরিফুল হক চৌধুরী একজন কাজ পাগল মানুষ। কাজের মাধ্যমেই তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সিলেট নগরীকে তিনি নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন। এ কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে এ এলাকার অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। 


তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিএনপি থেকে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ-সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আপনারা বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমি নেব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না।


শ্যামা হকের যত সম্পদ :
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। হলফনামায় তিনি প্রায় সাড়ে ৮ একর জমির দাম দেখিয়েছেন মাত্র ২০ লাখ ১৫ হাজার ২৮২ টাকা। পাঁচ হাজার ৩৫ বর্গফুটের অ্যাপার্টমেন্টের দাম দেখিয়েছেন ৩২ লাখ ৩৩ হাজার ৭৩০ টাকা। স্ত্রী শ্যামা হক চৌধুরীর নামে আছে ১৯ হাজার ৫৯৩ বর্গফুট বাড়ি, যার দাম দেখানো হয়েছে পাঁচ কোটি ৬০ লাখ এক হাজার ২৬০ টাকা। 


ছয় কোটি ৮৬ লাখ ৪৪ লাখ ৮৮২ লাখ টাকার সম্পদের বর্তমান মূল্য দেখানো হয়ছে ১৫ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৮৮২ টাকা। আর স্ত্রীর নামে থাকা পাঁচ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ২০৭ টাকার সম্পদের বর্তমান মূল্য ছয় কোটি ৯৫ লাখ ১৩ হাজার ২০৭ টাকা দেখানো হয়েছে।

আরও দেখা গেছে, ২০১৮ সাল থেকে ২৩ সাল পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী। ওই সময় তার বার্ষিক আয় ছিল সাত লাখ ৫৮ হাজার টাকা। ২০২৫ সালে এসে তার আয় বেড়েছে ৪ গুণ। স্বশিক্ষিত আরিফের বর্তমান আয় ৩১ লাখ ৮৩ হাজার ২৩৬ টাকায়। ৭ বছর আগে স্ত্রী শ্যামা হক চৌধুরীর নামে স্থাবর সম্পদ ছিল না। এখন তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক। 


আরিফুল হক চৌধুরী যে গাড়িতে চড়েন সেটির দাম এক কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৫৪৮ টাকা। অপর আরেকটি গাড়ির দাম দেখিয়েছেন ১২ লাখ টাকা। তার কাছে থাকা ১০ ভরি স্বর্ণের দাম ৩০ হাজার টাকা। আর স্ত্রীর ২৭ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন এক লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা।


সিলেটভিউ২৪ডটকম/পিটি/