দৃষ্টিসেবা খাতে উন্নয়ন এবং জনস্বাস্থ্যের সার্বিক অগ্রগতিতে VisionSpring এবং Social Marketing Company (SMC)-এর যৌথ উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ | বাংলাদেশসহ বর্তমান বিশ্বে দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যাগুলো নীরব মহামারির মতো বিস্তৃত হচ্ছে, যা ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রীয় অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে | বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট, যেখানে সহজলভ্য ও সাশ্রয়ী দৃষ্টিসেবার অভাব রয়েছে | এই প্রেক্ষাপটে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ সময়োপযোগী ও বাস্তবমুখী সমাধানের দিকনির্দেশনা প্রদান করছে।
বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ এখনও প্রাথমিক দৃষ্টিসেবা থেকে বঞ্চিত | অনেকেই সামান্য চশমার অভাবে পড়াশোনা, কর্মসংস্থান বা দৈনন্দিন কাজকর্মে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন | একটি সাধারণ দৃষ্টিসমস্যা যেমন—মায়োপিয়া Myopia বা প্রেসবায়োপিয়া Presbiopia সহজেই একটি সাশ্রয়ী চশমার মাধ্যমে সমাধানযোগ্য হলেও সচেতনতার অভাব, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সেবার অপ্রাপ্যতার কারণে তা দীর্ঘমেয়াদে বড় সমস্যায় রূপ নেয় | ফলস্বরূপ, শিক্ষার্থীদের শেখার গতি কমে যায়, শ্রমজীবী মানুষের উৎপাদনশীলতা হ্রাস পায় এবং প্রবীণরা স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন |
এই বাস্তবতায় VisionSpring দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে স্বল্পমূল্যে দৃষ্টিসেবা পৌঁছে দিয়ে ইতিবাচক পরিবর্তন আনছে |
তাদের মূল লক্ষ্য হচ্ছে—যে সকল মানুষ চশমার অভাবে কাজ করতে বা শিখতে পারছেন না, তাদের কাছে সহজে এবং সাশ্রয়ী মূল্যে চশমা পৌঁছে দেওয়া | গবেষণায় দেখা গেছে, একটি সাধারণ চশমা একজন মানুষের কর্মক্ষমতা ২০-৩০ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম | অন্যদিকে Social Marketing Company (SMC) বাংলাদেশে জনস্বাস্থ্য উন্নয়ন, পরিবার পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে | এই প্রতিষ্ঠানের বিস্তৃত নেটওয়ার্ক এবং অভিজ্ঞতা দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষভাবে সহায়ক |
দুই প্রতিষ্ঠানের এই সমন্বিত উদ্যোগের ফলে দেশের গ্রামীণ ও অনগ্রসর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে | তারা স্থানীয় পর্যায়ে ( এসএমসি'র ব্লু স্টার সেবা কেন্দ্র) সহজেই চোখের পরীক্ষা করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী চশমা সংগ্রহ করতে পারবে | এতে করে শহরকেন্দ্রিক স্বাস্থ্যসেবার উপর নির্ভরতা কমবে এবং গ্রামাঞ্চলেও স্বাস্থ্যসেবার একটি কার্যকর অবকাঠামো গড়ে উঠবে | বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দৃষ্টিশক্তির সমস্যা অনেক সময় তাদের শিক্ষাজীবনে বড় বাধা হয়ে দাঁড়ায় | সময়মতো সনাক্তকরণ ও সমাধানের মাধ্যমে তারা তাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারবে |
শ্রমজীবী মানুষের ক্ষেত্রেও এই উদ্যোগের গুরুত্ব অপরিসীম | ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর, কৃষক কিংবা গার্মেন্টস কর্মীরা প্রায়ই দৃষ্টিশক্তির সমস্যার কারণে তাদের কাজ সঠিকভাবে করতে পারেন না, যা তাদের আয়ের উপর সরাসরি প্রভাব ফেলে | সাশ্রয়ী চশমা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং আয় বাড়াতে সহায়তা করে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে | একইভাবে প্রবীণ জনগোষ্ঠীও এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবে, কারণ বয়সজনিত দৃষ্টিসমস্যা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে |
এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জনসচেতনতা বৃদ্ধি | অনেকেই চোখের সমস্যাকে তেমন গুরুত্ব দেন না বা চিকিৎসা গ্রহণে বিলম্ব করেন | ফলে সমস্যা জটিল হয়ে ওঠে এবং চিকিৎসা ব্যয়ও বেড়ে যায় | VisionSpring ও Social Marketing Company (SMC) যৌথভাবে সচেতনতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষকে দৃষ্টিসেবার গুরুত্ব সম্পর্কে অবহিত করছে | এর ফলে মানুষ দ্রুত চিকিৎসা গ্রহণে আগ্রহী হবে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি কমবে |
এছাড়া এই উদ্যোগটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ | বিশেষ করে “সুস্বাস্থ্য ও কল্যাণ” এবং “সম্মানজনক কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি” লক্ষ্যমাত্রা অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে | দৃষ্টিসেবা উন্নয়নের মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়, যা একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য |
VisionSpring এবং Social Marketing Company (SMC)-এর এই যৌথ উদ্যোগ কেবল একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম নয়, বরং এটি একটি মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের প্ল্যাটফর্ম | এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য সংস্থা ও উন্নয়ন অংশীদারদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করবে | যদি এই কার্যক্রম আরও বিস্তৃত করা যায় এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা হয়, তবে বাংলাদেশের দৃষ্টিসেবা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে | এর ফলে একটি সুস্থ, কর্মক্ষম এবং সচেতন সমাজ গড়ে উঠবে—যা দেশের টেকসই উন্নয়নের ভিত্তিকে আরও মজবুত করবে।
মনজুরুল মাআবুদ: মাস্টার্স অব পাবলিক হেলথ (পুষ্টি ও স্বাস্থ্য), এসএমসির ব্লুস্টার স্বাস্থ্য সেবা দানকারী। সাবেক জ্যৈষ্ঠ অঞ্চল ব্যবস্থাপক, আই ডিভিশন, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
আইটি ল্যাব সলিউশন্স লি.