যুক্তরাজ্যের ওল্ডহ্যামের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুজাহিদ খান ব্রিটিশ রাজকীয় সম্মাননা এমবিই (Member of the Order of the British Empire) লাভ করেছেন।
এই সম্মাননা অর্জনের পর তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি।
১৯৭৮ সালে বাবা-মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে পাড়ি জমান মুজাহিদ খান। এরপর থেকেই তিনি সমাজসেবা, দাতব্য কার্যক্রম এবং সামাজিক উদ্যোক্তা উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি কমিউনিটির আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
২০২১ সালে তিনি ডেপুটি লেফটেন্যান্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বর্তমানে তিনি গ্রেটার মানচেস্টারের –এ মহামান্য রাজার প্রতিনিধিত্বকারী লর্ড লেফটেন্যান্টকে সহায়তা করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি Upturn Enterprise Limited–এর এন্টারপ্রাইজ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন লেখক, লাইফ কোচ ও জনবক্তা হিসেবেও পরিচিত। বিভিন্ন দাতব্য ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি।
এক বিবৃতিতে মুজাহিদ খান বলেন, “সকলের শুভেচ্ছা, সমর্থন, দোয়া ও পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে ভাবা, শেখা এবং এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি করবে।”
তিনি বিশেষভাবে ওল্ডহামসহ বিভিন্ন এলাকার সেইসব মানুষদের কথা স্মরণ করেন, যারা নীরবে প্রতিদিন স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছেন। তার ভাষায়, কোনো স্বীকৃতি বা পুরস্কারের প্রত্যাশা ছাড়াই সমাজের জন্য কাজ করা মানুষরাই কমিউনিটির প্রকৃত শক্তি।
ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তার প্রয়াত পিতা-মাতাকে। তাদের দোয়া, ত্যাগ, মূল্যবোধ ও ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া স্ত্রী, সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, শিক্ষক, পরামর্শদাতা এবং কমিউনিটির প্রবীণদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মুজাহিদ খান।
উল্লেখ্য, মুজাহিদ খানের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটের বিশ্বনাতে সিঙ্গেরকাছ গ্রামে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.