ছবি: সিলেট ভিউ।
যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় দেশজুড়ে উচ্চমাত্রার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ইউকে হেল্থ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)। সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে বয়স্ক ও অসুস্থ মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে এবং স্বাস্থ্যসেবাখাতে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইস্ট মিডল্যান্ডস, ওয়েস্ট মিডল্যান্ডস, পূর্ব ইংল্যান্ড, লন্ডন এবং সাউথ ইস্ট অঞ্চলের জন্য জারি করা হয়েছে ‘অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট’। শুক্রবার দুপুর ২টা থেকে আগামী বুধবার বিকেল ৫টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে। এর আগে জারি করা অপেক্ষাকৃত কম ঝুঁকির ইয়েলো অ্যালার্ট পরিবর্তন করে নতুন এই সতর্কতা দেওয়া হয়।
শনিবার (২৩ মে) লন্ডনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিন বলে জানিয়েছে মেট অফিস। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (২৪ মে) তাপমাত্রা আরও বেড়ে ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এদিকে ব্যাংক হলিডে সপ্তাহান্তে যুক্তরাজ্যে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার ইতিহাসও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দক্ষিণ ইংল্যান্ড ও মিডল্যান্ডস অঞ্চলে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। যা ১৯২২ সালে ক্যামডেন স্কয়ার এ রেকর্ড করা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে যাবে।
আবহাওয়াবিদরা বলছেন, ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে থাকতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের অনেক এলাকা জনপ্রিয় ইউরোপীয় পর্যটনকেন্দ্র মাইকোনোস, মারবেল্লা ও বেনিড্রমের চেয়েও বেশি গরম অনুভূত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমের কারণে ঘরের ভেতরের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যা বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করবে। তাই পরিবার ও সমাজের ঝুঁকিপূর্ণ মানুষদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মেট অফিসের ডেপুটি চিফ ফোরকাস্টার স্টিভ কোচার বলেন, ‘ব্যাংক হলিডে সপ্তাহান্তে যুক্তরাজ্যের মে মাস এবং বসন্ত মৌসুমের তাপমাত্রার রেকর্ড ভেঙে যেতে পারে।’
যুক্তরাজ্যের আবহাওয়া নীতিমালা অনুযায়ী, কোনো এলাকায় টানা তিন দিন নির্ধারিত সীমার ওপরে তাপমাত্রা থাকলে সেটিকে আনুষ্ঠানিকভাবে ‘হিটওয়েভ’ ঘোষণা করা হয়।
এদিকে ক্যান্সার রিসার্চ ইউকে জনগণকে নিরাপদে রোদ উপভোগের পরামর্শ দিয়েছে। সংস্থাটি শরীর ঢেকে রাখা, নিয়মিত পানি পান এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে। তাদের ২০২২ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে মেলানোমা ত্বক ক্যানসারের নতুন রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৯৮০ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান তাপপ্রবাহে সবাইকে সচেতন থাকতে হবে এবং বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/ এহসানুল/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.