প্রকাশিত: ৩০ মে, ২০২৬ ১৭:০৫ (বুধবার)
ঈদের আনন্দে একসঙ্গে বিভিন্ন কমিউনিটি, করবিতে ব্যতিক্রমী আয়োজন

যুক্তরাজ্যের করবিতে ঈদ উৎসবকে ঘিরে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের এক প্রাণবন্ত আয়োজন করেছে করবি মুসলিম অ্যাসোসিয়েশন (সিএমএ)।

করবি সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত বিশেষ পারিবারিক ঈদ অনুষ্ঠানে দুই শতাধিক অতিথির অংশগ্রহণে মিলিত হয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।

উৎসবটি পরিণত হয় বহুসাংস্কৃতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য মিলনমেলায়।

ঈদুল আজহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন কমিউনিটির মানুষ নিজ নিজ সাংস্কৃতিক খাবার নিয়ে অংশ নেন। নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার, আন্তরিক আলাপচারিতা এবং পারিবারিক পরিবেশ অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।

এবারের আয়োজনে প্রথমবারের মতো শিশুদের জন্য বাউন্সি ক্যাসেল, টেবিল টেনিস ও ক্যারাম বোর্ডসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রাখা হয়। এতে শিশু-কিশোরদের পাশাপাশি বড়রাও উৎসবের আনন্দে শামিল হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবি ও ইস্ট নর্থহ্যাম্পটনশায়ারের এমপি লি ব্যারন, নর্থাম্পটনশায়ার ডেপুটি পুলিশ, ফায়ার অ্যান্ড ক্রাইম কমিশনার মারিয়েন কমানি, সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী এলএলএম (ট্রাস্টি, সিএমএ), মোহাম্মদ মুজিবুর রহমান (সেক্রেটারি, সিএমএ), হাজী মো. ফকার উদ্দিন (ভাইস চেয়ারম্যান, সিএমএ), শেলী উল্লাহ (মহিলা সমন্বয়কারী, সিএমএ), ইসলাম চৌধুরী, হারুন রশিদ, মালা বাসেট, রাহুল রাজপুত, মোহাম্মদ ছাফিয়া চৌধুরী, জাহাদ চৌধুরী, শাহজাহান চৌধুরী, আহসান খান, হাফিজ আবদুল হাসিব, আবদুল মালিক, ঈসা আবদুর রহমান, খালিক উজ্জামান লিটনসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি লি ব্যারন বলেন, “এখানে এসে আমি সত্যিই আনন্দ পেয়েছি। দারুণ খাবার, হাসি আর মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সবাইকে ঈদ মোবারক।” তিনি আরও বলেন, “এই মসজিদে সবসময় উষ্ণ অভ্যর্থনা পাওয়া যায়। কমিউনিটির সঙ্গে সময় কাটাতে পেরে আমি আনন্দিত।”

করবি মুসলিম কমিউনিটির চেয়ারম্যান ইউসুফ চৌধুরী জানান, এবারের ঈদের জামাতে রেকর্ডসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন। তিনি অনুষ্ঠান সফল করতে নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানজুড়ে ছিল সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক বন্ধনের উজ্জ্বল প্রকাশ। বহুসাংস্কৃতিক সমাজে সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়ে সফলভাবে শেষ হয় করবি মুসলিম অ্যাসোসিয়েশনের এবারের ঈদ আয়োজন।

 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৯