প্রকাশিত: ৩১ মে, ২০২৬ ১৯:০৬ (বুধবার)
নর্থাম্পটনে বৃহৎ অভিযানে ১২ হাজার ডোজ অবৈধ ওজন কমানোর ওষুধ জব্দ, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যের নর্থাম্পটনশায়ারের একটি কান্ট্রি এস্টেটে পরিচালিত বৃহৎ অভিযানে প্রায় ১২ হাজার ডোজ লাইসেন্সবিহীন ওজন কমানোর ওষুধ জব্দ করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (MHRA)। সংস্থাটির দাবি, অবৈধ ওজন কমানোর ওষুধ জব্দের ক্ষেত্রে এটি তাদের ইতিহাসের অন্যতম বৃহৎ অভিযান এবং এ ধরনের পণ্য উদ্ধারের সর্ববৃহৎ ঘটনাগুলোর একটি।

গত ২৮ মে রাতে নর্থাম্পটনশায়ার পুলিশের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে ২৯ বছর বয়সী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হিউম্যান মেডিসিনস রেগুলেশনস ২০১২-এর আওতায় বিভিন্ন অপরাধের অভিযোগে তদন্ত চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযানে চিহ্নিত সম্পত্তিটি লাইসেন্সবিহীন ওজন কমানোর ওষুধ এবং বিভিন্ন পেপটাইডজাত পণ্য উৎপাদন, সংযোজন ও বিতরণের একটি বৃহৎ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। জব্দ করা পণ্যের মধ্যে রেটাট্রুটাইড (Retatrutide) ও টাইরজেপাটাইড (Tirzepatide)সহ একাধিক ওষুধ রয়েছে, যেগুলোর বৈধতা ও নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।

অভিযানের সময় কর্মকর্তারা বিপুল পরিমাণ প্যাকেজিং সামগ্রী এবং অবৈধ উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা বিভিন্ন ঔষধীয় উপাদানও জব্দ করেন। উদ্ধার হওয়া সামগ্রী বর্তমানে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার রয়েছে।

এমএইচআরএ-এর ক্রিমিনাল এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান অ্যান্ডি মর্লিং বলেন, “এই সফল অভিযান আবারও প্রমাণ করেছে যে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে অবৈধভাবে মুনাফা অর্জনের চেষ্টা করা ব্যক্তিদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। জনগণের সুরক্ষার জন্যই ঔষধ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে এবং এর বাস্তবায়নে আমরা কোনো ধরনের আপস করব না।”

তিনি আরও বলেন, অননুমোদিত ওষুধের উৎপাদন ও সরবরাহ শুধু আইন লঙ্ঘনই নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করে। এ ধরনের অপরাধ দমনে এমএইচআরএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ সাধারণ জনগণকে অনলাইনে বা অননুমোদিত উৎস থেকে ওজন কমানোর ওষুধ ক্রয় না করার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কোনো কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর অনুরোধ করেছে।
 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১২