প্রকাশিত: ০১ জুন, ২০২৬ ১২:১০ (বুধবার)
শিগগিরই যুক্তরাজ্যে নিয়োগ পাবেন নতুন হাইকমিশনার ও প্রেস মিনিস্টার

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ড. সালেহ শিবলী বলেছেন, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে দীর্ঘদিন ধরে শূন্য থাকা হাইকমিশনার ও প্রেস মিনিস্টারের পদে খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, “আপনারা শিগগিরই নতুন হাইকমিশনার এবং প্রেস সেক্রেটারি পাবেন।”

রবিবার সন্ধ্যা ৬টায় লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যে কর্মরত বাংলা গণমাধ্যমের প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সরকারি পরিকল্পনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। ড. সালেহ শিবলী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের গুরুত্বপূর্ণ দুটি পদ দীর্ঘদিন শূন্য থাকলেও সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দ্রুতই এ পদগুলো পূরণ করা হবে। প্রবাসী কার্ড বিষয়ে জানতে চাইলে ড. শিবলী বলেন, “আমরা আশা করছি আগামী দুই মাসের মধ্যে প্রবাসীরা প্রবাসী কার্ড হাতে পাবেন। এ বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে কাজ করছে।”

ডক্টর সালেহ শিবলী বলেন,রামিসা হত্যাকারী বিচার জুন মাসের মধ্যে হবে। সরকারের সামগ্রিক পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “দেশে ও প্রবাসে বসবাসরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। আমরা চাই, কোনো প্রবাসী যদি অন্যায় বা বৈষম্যের শিকার হন, তাহলে তিনি যেন দ্রুত আইনগত সহায়তা গ্রহণ করেন। কোথাও সুবিচার না পেলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা মুক্ত, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং দেশ-বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ড. সালেহ শিবলী উপস্থিত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সিলেটভিউ২৪ডটকম/পিটি