‘আল্লাহ পাক এই অত্যাচার সইবে না। আমার স্বামী তো কোনো অপরাধ করেননি, তাহলে কেন এভাবে বারবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে।’ -কারাগার থেকে বের হওয়ার পর জেলগেট থেকে স্বামীকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতার স্ত্রী।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় কারাগার থেকে বের হন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার। পরে সেখান থেকে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী।
জেলগেটে উপস্থিত সিরাজুলের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় সিরাজুল হক খন্দকার জামিনে কারামুক্ত হয়ে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক দিয়ে বের হন।
এ সময় ডিবি পুলিশের একটি দল তাকে ঘিরে ধরে এবং একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
সিরাজুলকে নিয়ে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমার স্বামীকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। সব কিছুর একটা সীমা থাকা দরকার। তার অপরাধটা কী? উনি তো কোনো অন্যায় করেননি।’
এটা কেমন রাজনীতি? প্রশ্ন রেখে তিনি জানান, এর আগে জামিনে মুক্তি পেলেও তাকে জেলগেট থেকে ডিবি পুলিশ নিয়ে যায়।
সিরাজুল হক খন্দকারের স্ত্রী বলেন, ‘আল্লাহ পাক এই অত্যাচার সইবেন না। আমার স্বামী তো কোনো অপরাধ করেননি তাহলে কেন এভাবে বারবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রশ্ন লালমনিরহাট জেলাবাসীর কাছে রইল।’
লালমনিরহাট ডিবি ওসি রওশন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করে লালমনিরহাটে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.