ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সরকারের বিশেষ হাম টিকাদান কার্যক্রম শেষ হলেও এখনো থামছে না এই রোগের প্রকোপ। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ পর্যন্ত বিভাগে হাম আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তি হওয়া আক্রান্ত শিশুদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই ৫ মাসের কম বয়সী। এ বয়সে নিয়মিত টিকাদানের আওতায় না আসায় তারা বেশি ঝুঁকিতে রয়েছে। এছাড়া ৬ মাস বা তার বেশি বয়সী যেসব শিশু আক্রান্ত হচ্ছে, তাদের অনেকেই অভিভাবকদের অসচেতনতা, শারীরিক জটিলতা কিংবা অন্যান্য কারণে টিকা নিতে পারেনি। আবার কিছু পরিবার সরকারের বিশেষ টিকাদান কর্মসূচি সম্পর্কে অবগত না থাকায় তাদের সন্তানরাও টিকাবঞ্চিত থেকে গেছে। তবে টিকা নেওয়ার পরও অল্পসংখ্যক শিশুর আক্রান্ত হওয়ার ঘটনাও দেখা যাচ্ছে।
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. তাসলিমা আক্তার বলেন, ‘হামের টিকা দেওয়ার পর শিশুর শরীরে প্রয়োজনীয় রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। ফলে টিকা নেওয়ার ৭ থেকে ৮ দিনের মধ্যে কেউ আক্রান্ত হলে সেটিকে অস্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই।’
তিনি জানান, ‘বিশেষ টিকাদান কর্মসূচি শেষ হলেও যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের চিহ্নিত করে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমও অব্যাহত রয়েছে।’
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, টিকা গ্রহণকারী শিশুদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হওয়ার পর চলতি মাসের মাঝামাঝি সময় থেকে হামের সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করবে। একই সঙ্গে টিকাবঞ্চিত শিশুদের দ্রুত টিকার আওতায় আনা গেলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তারা মনে করছেন।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.