প্রকাশিত: ০৫ জুন, ২০২৬ ২৩:৪৩ (শনিবার)
সিলেটে ‌‘ঝামেলা’র আশঙ্কায় সর্বদলীয় প্রীতি ফুটবল ম্যাচ পণ্ড

ছবি: সংগৃহিত

সিলেটের জকিগঞ্জে সাবেক ও বর্তমান ফুটবল তারকাদের অংশগ্রহণে আয়োজিত ব্যতিক্রমধর্মী এক সর্বদলীয় প্রীতি ফুটবল ম্যাচ ও মিলনমেলা পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে ‍‘ঝামেলা’র আশঙ্কার কথা জানালে আয়োজকরা ম্যাচটি বাতিল করেছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া স্পোর্টস একাডেমির উদ্যোগে প্রথমবারের মতো উপজেলার ৪০ থেকে ৮০ বছর বয়সী ফুটবল তারকাদের নিয়ে এক মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বহুল প্রতীক্ষিত এ ম্যাচের যাবতীয় প্রস্তুতিও ছিল প্রায় সম্পন্ন।

 

আয়োজক ও স্থানীয়দের দাবি, ম্যাচটির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাবেক খেলোয়াড়, বর্তমান ফুটবলার এবং দর্শকরা মাঠে জড়ো হতে শুরু করেন। কিন্তু খেলা শুরুর আগে মাঠে পুলিশ উপস্থিত হয়ে আয়োজনে বাধা দেয়। পরে মাঠে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। আর তাই শেষপর্যন্ত ম্যাচটি বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।

 

আয়োজক সূত্র জানায়, এ ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল জকিগঞ্জের বিভিন্ন সময়ের খ্যাতিমান ফুটবল তারকাদের। তাদের অনেকেই বর্তমানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। কেউ কেউ আবার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিও। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে পুরোনো খেলোয়াড়দের একত্রিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দেওয়াই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

আয়োজকদের মতে, জকিগঞ্জের ফুটবল ইতিহাসের সঙ্গে জড়িত প্রবীণ খেলোয়াড়দের সম্মান জানানো, নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করা এবং ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছিল।

 

মিলনমেলায় উপজেলার বর্তমান খেলোয়াড়, সাবেক সিনিয়র ও জুনিয়র ফুটবলারদেরও উপস্থিত থাকার কথা ছিল। ম্যাচে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে সম্মাননা স্মারক প্রদানেরও প্রস্তুতিও ছিল আয়োজকদের। তবে শেষ পর্যন্ত মাঠে গড়ানোর আগেই বহুল আলোচিত ও প্রতিক্ষিত এ আয়োজন ভেস্তে যায়।

 

এই প্রীতি ম্যাচ ও মিলনমেলাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযানে কাউকে আটক বা গ্রেপ্তারের কোনো সংবাদ পাওয়া যায়নি।

 

খেলায় অংশ নেওয়ার কথা ছিল সাবেক ফুটবল তারকা ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল আহাদ, জাতীয় পার্টির নেতা ও খলাছড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ত একাধিক সাবেক ফুটবল তারকার।

 

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে এই ম্যাচের আমন্ত্রিত খেলোয়াড়, জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ বলেন, আমি ম্যাচের আমন্ত্রিত খেলোয়াড়। হঠাৎ আয়োজকরা কল দিয়ে ম্যাচটি বাতিলের খবর জানান। আমি আর যাইনি। বিস্তারিত কিছু জানিওনা। পরে জেনেছি, পুলিশ ঝামেলার আশঙ্কা প্রকাশ করেছে।

 

তিনি এর বেশি আর কিছু বলতে রাজি হননি।

 

আরেক আমন্ত্রিত সাবেক ফুটবল খেলোয়াড় খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা আব্দুল হকের সঙ্গে কথা বলতে চাইলেও তার মোবাইলে সংযোগ না পাওয়ায় সম্ভব হয়নি।

 

পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হয়েছিল যে, খেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে মিছিল করতে পারেন। এ কারণে পুলিশ মাঠে উপস্থিত হয়ে খেলা বন্ধ করে দেয় এবং কয়েকটি স্থানে অভিযান চালায়।

 

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রাজ্জাক বলেন, ঝামেলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। সেটি আমরা আয়োজকদের জানালে তারা খেলা বন্ধ করে দেন।

 

বাড়ি বাড়ি তল্লাশির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান সবসময়ই চলমান।

 

এ ব্যাপারে আয়োজক ভিক্টোরিয়া স্পোর্টস একাডেমির সভাপতি মো. জাকির হোসেন সরাসরি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

 

তবে তিনি নিশ্চিত করেন যে খেলার মাঠে পুলিশ উপস্থিত হয়েছিল। খেলা বন্ধ হওয়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে সমস্যা আছে।

 

এদিকে, প্রীতি ম্যাচ ও মিলনমেলা পণ্ড হওয়ার ঘটনাটি স্থানীয় ক্রীড়াঙ্গনে হতাশার জন্ম দিয়েছে। অনেকের মতে, রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে সাবেক ও বর্তমান ফুটবলারদের মিলনমেলা জকিগঞ্জের ক্রীড়া ইতিহাসে একটি স্মরণীয় আয়োজন হতে পারত। তা আর হলোনা।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে