ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রাজনৈতিক অবস্থান, ডাকসু নির্বাচন এবং ছাত্র রাজনীতির সংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, বিরিয়ানি ও বিভিন্ন উপহারের মাধ্যমে শিক্ষার্থীদের একটি অংশের ‘বিবেক কেনা’ হচ্ছে। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ ও ছাত্ররাজনীতির ধারা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
পাঠকদের জন্য নিম্নে রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো—
“শিবির যেভাবে নবীনবরণে খাওয়াচ্ছে, আগামীর ডাকসু শিবিরের! ঠিক এভাবেই বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী! আরও যারা বক্তব্য দিয়েছে, ঠিক একই রকম কথা। তার মানে বিরিয়ানির বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের বিবেক কেনা যাচ্ছে! সত্যিই অবাক হয়েছি। আমাদের সময়ও এত থার্ডক্লাশ মনুষ্যত্ব শিক্ষার্থীদের মধ্যে দেখি নাই। মনুষ্যত্ব এখন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে! ঠিক গত ডাকসু নির্বাচনেও ওয়েলফেয়ার ম্যাকানিজমের নামে টাকা বিতরণ করে ও বিরিয়ানি খাইয়ে শিক্ষার্থীদের একটি অংশের বিবেক কিনেছে শিবির! এ জন্যই ডাকসুর অতীত ঐতিহ্য ও গুরুত্ব আর নেই! যেভাবে বিবেক লোপ পেয়েছে, এক্ষেত্রে বাংলাদেশ যতদিন না উন্নত রাষ্ট্র হবে সামান্য টাকা দিয়ে ও বিরিয়ানি খাইয়ে শিক্ষার্থীদের বিবেক কেনাবেচাও আর বন্ধ হবে না।”
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.