সিলেটে বিশেষ কৌশলে ভারতীয় জিরার চালান পাচার করছিল চোরাকারবারিরা। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি তারা। বালুবোঝাই ট্রাক তল্লাশি করে মিলেছে ‘জিরার খনি’। বালুচাপা দিয়ে কয়েক লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সাদিকুর রহমান (৩২) জালালাবাদ থানাধীন নলকট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, রবিবার বিকেলে জালালাবাদ থানার শিবেরবাজারস্থ বটেরতল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকের মধ্যে বালুচাপা অবস্থায় ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার বাজার মূল্য প্রায় সোয়া ১১ লাখ টাকা।
এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সাদিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। চোরাকারবারের সাথে জড়িত অন্যদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.