স্কুলছাত্রকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িঠে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) সকাল আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া বাগানবাড়ি এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে ইউনিভার্স একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুসাইন হাসান সিফাতকে দুইজন অপরিচিত ব্যক্তি জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
অভিযোগ অনুযায়ী, এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পথচারী এক ভ্যানচালক শিশুটিকে নিরাপদে তার বিদ্যালয়ে পৌঁছে দেন বলে জানা গেছে।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। শিশুদের একা চলাচল নিয়ে অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ বা তথ্য আসেনি। তবে কেউ লিখিত অভিযোগ দিলে বা ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.