সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সরকার অনুমোদন করায় তার পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান-২ হাবিবুর রহমান তালুকদারকে চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু দীর্ঘদিন ধরে দায়িত্বে অনুপস্থিত রয়েছেন। চেয়ারম্যানের অনুপস্থিতিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে আসছিলেন।
এ অবস্থায় ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন।
অভিযোগে বলা হয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা ও ভিজিডি কার্ড নির্বাচন ও বিতরণে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্ত গ্রহণ, নলকূপ বরাদ্দে অনৈতিকভাবে অর্থ গ্রহণ, সাধারণ নাগরিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সরকারি আসবাবপত্র ভাঙচুর এবং নারীঘটিত শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(৩) ধারা অনুযায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মধ্যনগরকে তদন্তকারী কর্মকর্তা ও পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্ত শেষে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরবর্তীতে পর্যবেক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় ইউনিয়ন পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাবের পক্ষে মত দেন।
এর ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ১২ মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনাস্থা প্রস্তাব অনুমোদন করে। একইসঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫(১)(চ) ধারা অনুযায়ী মো. আব্দুছ ছাত্তারের প্যানেল চেয়ারম্যান-১ পদ শূন্য ঘোষণা করা হয়।
পরে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে গত ১৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে মো. আব্দুছ ছাত্তারের প্যানেল চেয়ারম্যান-১ পদ শূন্য ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
এদিকে প্যানেল চেয়ারম্যান-১ পদ শূন্য হওয়ার পর গত ১৭ মে অনুষ্ঠিত জরুরি সভায় ইউনিয়ন পরিষদের সদস্যরা প্যানেল চেয়ারম্যান-২ হাবিবুর রহমান তালুকদারকে চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত গত ৭ জুন এক আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩, ১০১ ও ১০২ ধারার বিধান অনুযায়ী হাবিবুর রহমান তালুকদারকে ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনসেবা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.