প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১৭:১৮ (বৃহস্পতিবার)
থানা পো*ড়া*নো সেই সমন্বয়ক মাহদী এখন থানার আশ্রয়ে

ছবি: সিলেট ভিউ।

নিরাপত্তার দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানায় আশ্রয় নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সমন্বয়ক মাহদী হাসান। বুধবার (১০ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত মত প্রকাশের জেরে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাঁকে ধাওয়া করে হত্যার চেষ্টা চালিয়েছেন এবং প্রাণভয়ে তিনি পুলিশের কাছে গিয়েছেন।

 

জানা গেছে, বুধবার (১০ জুন) দুপুরে ব্যক্তিগত ড্রাইভিং পরীক্ষা দিতে যাওয়ার সময় মাহদী হাসানের ওপর হামলার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। নিজের ফেসবুক লাইভে তাঁকে বেশ আতঙ্কিত অবস্থায় দেখা যায়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ভিন্নমত বা ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার তাঁর নেই কি না। প্রাণ রক্ষার্থে তিনি দৌড়ে ও রিকশায় চড়ে হবিগঞ্জ সদর থানায় প্রবেশ করেন এবং ডিউটি অফিসারের রুমে আশ্রয় নেন। 

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহদী হাসান মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২ জানুয়ারি এক বিতর্কিত ঘটনায় মাহদী হাসান থানার ওসির কক্ষে ঢুকে গিয়ে তীব্র মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারকে ক্ষমতায় এনেছে এবং এক পর্যায়ে বানিয়াচং থানায় অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার বিষয়ে বিতর্কিত বক্তব্য দেন। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার পর তাকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান।

 

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক সহিংসতার সময় বানিয়াচং থানায় ভয়াবহ হামলা, অস্ত্র লুট এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে, যেখানে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মাহদী হাসান মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ভিডিওতে নির্দিষ্ট কোনো হামলাকারীকে শনাক্ত করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া