প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ২২:২৯ (বৃহস্পতিবার)
সিলেট র‌্যাবের কব্জায় সেলিম হাজারী

ছবি: সংগৃহিত

সিলেট র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন সেলিম হাজারী (২৮)। তিনি ডাকাতি মামলার আসামি।


বুধবার (১০ জুন) রাতে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


সেলিম হাজারী ঘিলাতলী গ্রামের মহব্বত মিয়ার ছেলে। তিনি মাধবপুর থানায় গত ২৬ মে দায়েরকৃত একটি ডাকাতি মামলার (নং ৩৫)  আসমি।


র‌্যাব জানায়, একই থানার আউলিয়াবাদ এলাকার মো. মোজাহিদুল ইসলাম ২২ মে ঢাকা থেকে নিজের বাড়ি ফেরার পথে রাত ২টার দিকে ঘিলাতলীর লবনমুড়া ব্রিজের উপর পৌঁছামাত্র দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০/১৫ জনের একটি ডাকাত দল তার গাড়ির গতিরোধ করে। গাড়িতে তার পরিবারের লোকজনও ছিলেন। তাদের ভয়-ভীতি দেখিয়ে তারা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ আনুমানিক সাড়ে ১১ লাখ টাকার মালামাল নিয়ে চলে যায়। পরে মোজাহিদুল ইসলাম থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।


তাকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


সিলেটভিউ২৪ডটকম/ইকে