প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ০০:০০ (শুক্রবার)
সিলেটে এখনো হাসপাতালে তিনশ’ শিশু

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেটে কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই নতুন রোগী এসে ভর্তি হচ্ছেন হাসপাতালে। ঘটছে মৃত্যুর ঘটনাও। এখনো সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় তিনশ’ শিশু চিকিৎসাধীন রয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন শিশু। আর একশ’ শয্যার ‘হাম ডেডিকেটেড’ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ড রোগীতে প্রায় পূর্ণ।

 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ল্যাব টেস্টে ১৭ জনের হাম সনাক্ত হয়েছে। সিলেটে ল্যাব না থাকায় ঢাকায় নমুনা পাঠিয়ে পরীক্ষা করাতে হয়। যে কারণে সকল রোগীর নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের হামের চিকিৎসা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেটে মারা গেছেন ৬৮ শিশু। 

 

সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর সবমিলিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৯০ জন। এর মধ্যে ১০০ শয্যার ‘হাম ডেডিকেটেড’ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন ছিলেন।

 

এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাম ডেডিকেটেড’ ৩৬ শয্যার ওয়ার্ড, ১০ শয্যার আইসিইউ, ১০ শয্যার এইচডিইউ রোগীতে পূর্ণ। রোগীর চাপে শয্যা ভাগ করে চিকিৎসা দিতে হচেছ বলে জানা গেছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ