প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১৯:৪৬ (শুক্রবার)
মৌলভীবাজারে একই মঞ্চে দুই কনের বিয়ে!

একই মঞ্চে বিয়ের সাজে দুইজন কনে। তাদের নিতে পুষ্পে সজ্জিত গাড়িতে এলেন দুই বর। সাজানো গোছানো কমিউনিটি সেন্টার। বিয়ের দাওয়াত খেতে এসেছেন অনেকে। পরিবারের সাধ থাকলেও সাধ্য নেই এমন আয়োজনের। তবে তাদের বিয়ের আয়োজন হলো মহা ধুমধামে। আর এমন আয়োজন করলো ছায়া রাজনগর সামাজিক সংগঠন।


বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার হরিপাশা এলাকার জান্নাত কমিউনিটি সেন্টারে হয় দরিদ্র ও অসহায় এই দুই কনের বিয়ে।
 

ছায়া রাজনগর এর সংগঠক জয়নাল খান ও রুজনা বেগম জানান, দেশে-প্রবাসের থাকা বাংলাদেশিরা মিলে সম্প্রতি ছায়া রাজনগর সামাজিক সংগঠন নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেও এবার বিয়ের আয়োজন করেছেন তারা। সারমপুর গ্রামের অসহায় পরিবারের মেয়ে মদিনা বেগমকে ঘরগাঁও গ্রামে বিয়ে দেয়া হয়েছে। আর রাজনা বেগমকে বিয়ে দেয়া হয়েছে তকর নিজ এলাকা মহলালের এক যুবকের সাথে। পিতৃহীন পরিবারের দুই কনের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীসহ এসেছেন প্রায় ৩শ অতিথি। সবার জন্য ছিল সুস্বাদু খাবার আর পানীয়। ছায়া রাজনগর সামাজিক সংগঠনের পক্ষ থেকে বরদের দেয়া হয়েছে উপহার হিসেবে নানা আসবাবপত্র।
 

আর দুই কনে মদিনা বেগম ও রাজনা বেগম বলেন, আমাদের বাবা নেই। অসচ্ছল পরিবারের পাশে যারা দাঁড়িয়েছেন তারা মহৎ হৃদয়ের মানুষ। নতুন জীবন সঙ্গীকে নিয়ে বাকীটা জীবন সুখে শান্তিতে যাতে কাটাতে পারি সেই দোয়া চাই।

সকল আনুষ্ঠানিকতা শেষে হলো মালাবদল। শেষ বিদায় জানালেন কনের স্বজনরা। নতুন পরিবারে মেয়েরা ভালো থাকুক এ প্রত্যাশা সব পরিবারের স্বজনদের।

 


সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-১৭