ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেট এখনো হামের ‘হটস্পট’। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন অন্তত অর্ধশত শিশু। প্রায়দিনই ঘটছে মৃত্যুর ঘটনা। হামের প্রাদুর্ভাবের মধ্যে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। বর্ষা শুরু হওয়ার আগেই সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গেল দুইদিন নতুন ডেঙ্গু রোগীর সন্ধান পেয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আলাদা কর্ণার চালু করা হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গত দুইদিনে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ৩ হলেও প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। অনেক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার পর ডেঙ্গু সনাক্ত হলেও সেই তথ্য সরকারি হিসেবে আসছে না বলে মনে করছেন তারা।
বর্ষার শুরুতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় নড়েচড়ে বসেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ডেঙ্গু নিধনে পরিচ্ছন্নতা কার্যক্রম।
এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, নাগরিক অসচেতনতা ও মশা নিধনে গাফিলতি এই তিন মিলেই ডেঙ্গুর প্রকোপ দীর্ঘায়িত হচ্ছে। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, এখনই যদি সচেতনতা সৃষ্টি করা না যায় তাহলে ডেঙ্গু শীতকালেও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা, মশারি ব্যবহার এবং চারপাশ পরিচ্ছন্ন রাখা এখনই এসব অভ্যাসে মনোযোগ না দিলে সামনে শঙ্কা আরও বাড়বে।
ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রশিদ মুনির বলেন,‘হাসপাতালের নতুন ভবনে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। এতে ২০টি শয্যা রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.