প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ২০:০১ (শনিবার)
শ্রীমঙ্গলে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা মিছিল

বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য উন্মাদনা মিছিল করেন ব্রাজিল সমর্থকরা।

প্রিয় দলের জার্সি গায়ে, হাতে হলুদ-সবুজ পতাকা নিয়ে ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো।

শুক্রবার (১২ জুন) বিকেলে পৌর শহরের শান্তিবাগ আবাসিক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শাপলাবাগ, সিন্দুরখান সড়ক, জালালিয়া সড়ক, ভানুগাছ সড়ক হয়ে গুহ রোড, কলেজ রোড, মৌলভীবাজার রোড, মিশন রোড, হবিগঞ্জ রোড চৌমূহনা চত্তর এবং স্টেশন সড়কে তারা মিছিল করে। মিছিলে নানা বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

ব্রাজিলের জার্সি পরিহিত তরুণ-যুবক মোটরসাইকেল, চাঁদের গাড়ি (জিপ) ও ঘোড়ার গাড়ি নিয়ে শহরের প্রধান প্রধান এসব সড়ক প্রদক্ষিণ করেন।

ব্রাজিল সমর্থক  সাইফুল ইসলাম, সাজু, জহিরুলসহ অনেকেই জানান, মিছিল চলাকালে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। একপর্যায়ে শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। তবে বৈরী আবহাওয়া ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে কোনো ভাটা ফেলতে পারেনি। বরং বৃষ্টিতে ভিজেই তারা প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

তারা আরও জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের আবেগ ও ভালোবাসার অংশ। তাই প্রতিকূল আবহাওয়া তাদের উচ্ছ্বাসকে দমিয়ে রাখতে পারেনি।

গণমাধ্যমকর্মী ইসমাইল মাহমুদ জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত ও উৎসবমুখর আয়োজন দেখতে পেয়ে তারা আনন্দিত। বৃষ্টির মধ্যেও সমর্থকদের উচ্ছ্বাস শহরের মানুষের নজর কেড়েছে।

ব্রাজিল সমর্থকদের এ ব্যতিক্রমী আয়োজন শ্রীমঙ্গলের ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের এই দৃশ্য অনেকের কাছেই স্মরণীয় হয়ে থাকবে।

র‌্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ তৈরি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে।  তারা আরও বলেন, ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালিই জানান দিচ্ছে, বিশ্বকাপে জিতবে এবার ব্রাজিল।

 

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১৬