প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ২০:৫৫ (শনিবার)
কানাইঘাটে প্রবাসীর বাড়িতে দিনদুপুরে চু*রি

কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর করচটি গ্রামে সৌদি আরব প্রবাসী আব্দুল কায়ুমের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) দুপুর প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রবাসী আব্দুল কায়ুমের স্ত্রী নাজমা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যরা পাশের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বের হন। এ সুযোগে দুর্বৃত্তরা তাদের একতলা পাকা বসতবাড়ির বারান্দার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে।

চোরেরা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে আলমারি ও শোকেস ভেঙে নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে চুরির বিষয়টি জানতে পারেন। দিনদুপুরে জনবসতিপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে কিছু উঠতি বয়সী তরুণ ও যুবক মাদকাসক্ত হয়ে বিভিন্ন বাড়িঘরে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এ ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে শুক্রবার বিকেলে কানাইঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় চুরি-ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
 


সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-২১