ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স ও এআই।
হবিগঞ্জের লাখাই থেকে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (১১ জুন) আনুমানিক রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোশাহিদ আলীর ছেলে মো. শরিফ উদ্দিন (২০), নজরুল ইসলামের ছেলে মো. কামাল উদ্দিন (২০)। তারা দুজনেই সিলেটের গোয়াইনঘাট থানার গুজারকান্দি এলাকার বাসিন্দা। অন্যজন মো. শাবুল মিয়া সেবুল (২২), তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আমড়া খাই এলাকার মো. রমজান উল্ল্যার ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১১ জুন) আনুমানিক রাত ২টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন মোড়াকরি এলাকার বলবদ্র ব্রীজের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর পৌঁছে চেকপোষ্ট পরিচালনা করে। অভিযানের সময় ঢাকাগামী রুপালী বাংলা যাত্রীবাহী পরিবহনকে সিগন্যাল দিয়ে থামিয়ে গাড়ীর ভেতরে তল্লাশীকালে ৩ জন ব্যক্তির অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়।
তাদের অস্বাভাবিক আচরণের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে খাকি রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এসময় তাদের আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.