প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৮:৩৩ (শনিবার)
লন্ডনে চলছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা

মস্তিষ্কে টিউমারে আক্রান্ত দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের লন্ডনে দ্বিতীয় ধাপের কেমোথেরাপি চলছে। তার শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয় বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

 

তিনি জানান, কখনও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আবার কখনও কিছুটা অবনতি দেখা দিচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে কেমোথেরাপির দ্বিতীয় ধাপ অব্যাহত রয়েছে, যা আগামী জুলাই পর্যন্ত চলবে।

 

লিটন এরশাদ আরও বলেন, চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে ফেরার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে চিকিৎসকদের অনুমতি পাওয়া গেলে
আগস্টে স্বল্প সময়ের জন্য তিনি দেশে আসতে পারেন।

 

দীর্ঘদিনের অসুস্থতা ইলিয়াস কাঞ্চনের মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলেছে বলে জানান তিনি। যদিও তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন, তবে আগের মতো প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে না।

 

বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

 

উল্লেখ্য, গত বছরের ২৬ এপ্রিল লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে একজন নিউরোসার্জারি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া শুরু করেন জনপ্রিয় এই অভিনেতা

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহসানুল/ এহিয়া