প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৮:৩৯ (শনিবার)
লন্ডনে হাসনাত আব্দুল্লাহ, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

ছবি: সিলেট ভিউ।

কেন্দ্রীয় এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি ১২ জুন দুপুরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন। রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে তার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

সফরকালে তিনি দলীয় নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি এবং বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। পাশাপাশি কয়েকটি নির্ধারিত সভা ও সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ারও কর্মসূচি রয়েছে তার।

 

লন্ডনে পৌঁছানোর পর সফরের শুরুতেই বিকেলে তিনি শহীদ মিনার প্রাঙ্গণে যান এবং আলতাব আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

এছাড়াও, শহীদ আবু সাইদকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন হাসনাত আব্দুল্লাহ এমপি। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ আরও শক্তিশালী করা এবং প্রবাসী কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই সফরের আয়োজন করা হয়েছে।

 

ছয় দিনের সফর শেষে নির্ধারিত সময় অনুযায়ী তার দেশে ফেরার কথা রয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহসানুল/ এহিয়া