সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজার নামাজ শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় তাঁর প্রতিষ্ঠিত কানাইঘাট জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-উলামা এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
জানাজার নামাজ শেষে মাদ্রাসা প্রাঙ্গনেই তাঁকে দাফন করা হয়।
জানাজার পূর্বে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম, সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিস নেতা মুফতি মাওলানা আবুল হাসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মরহুমের জামাতা ড. এনামুল হক চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির আনওয়ার হোসাইন খান, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন ও লোকমান উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, সাংবাদিক এম. এ. হান্নান, অধ্যক্ষ আব্দুস সালাম মাদানি, সৈয়দ ফয়জুল্লাহ বাহার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও দক্ষ সংগঠক। তিনি জামায়াতে ইসলামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনীতির পাশাপাশি শিক্ষা বিস্তার, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও ইসলামী আন্দোলনের অন্যতম নীতিনির্ধারককে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বও পালন করেছেন। তাঁর বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.