ছবি: সংগৃহিত
সিলেটের ত্যাগী বিএনপি নেতৃবৃন্দকে মূল্যায়ণ করছে দল। দীর্ঘদিন নির্যাতন হয়রানির পরও তারা দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।জাতীয়তাবাদী শক্তির আদর্শে বলিয়ান এসব নেতৃবৃন্দকে বিভিন্নভাবে দল মূল্যায়ণ করছে। দেশের জন্য বা সিলেটের জন্য তাদের মেধাকে কাজে লাগাচ্ছে। সিলেটের এমন বেশ কয়েকজন নেতাকে দল মূল্যায়ণ করলেও অপেক্ষায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করছেন। রাজপথের এই লড়াকু সৈনিক গত সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু তা আর হয়নি। তবে তিনি হতাশ না হয়ে বরং দলীয় প্রার্থীর জন্য কাজ করেছেন। চষে বেড়িয়েছেন সিলেট জেলাজুড়ে। তার পুরস্কারও দেওয়া হয়েছে তাকে। দল তার অবদানের স্বীকৃতি হিসাবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে তাকে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। দলে তার অবদানের স্বীকৃতি হিসাবে তাকে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি এখন সংসদ সদস্য হিসাবে এলাকাবাসী এবং দলের জন্য কাজ করছেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জাতীয়তাবাদী আদর্শের আরেকজন লড়াকু সৈনিক। তিনি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ কমিশনার হিসাবে বারবার নির্বাচিত হয়েছেন। একজন জনপ্রিয় নেতা। দলের প্রতি তার অবদানের স্বীকৃতি হিসাবে সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে বিএনপি।
এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবার সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল বেছে নেয় এমরান আহমদ চৌধুরীকে। শামীমও দলীয় প্রার্থীর জন্য কাজ করেন। পুরস্কার হিসাবে তাকে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীও একজন পোড় খাওয়া নেতা। দলের জন্য তার অনেক ত্যাগ আছে, অবদান আছে। রাজপথের এই সৈনিককে এখনো দল সেরকম কোনো পুরস্কার দেয়নি। এ নিয়ে তিনি নিজে হতাশ না হলেও তার কর্মী সমর্থক এবং শুভাকাংখীদের মধ্যে যে কিছুটা হতাশা আছে, সেকথা তাদের সঙ্গে আলাপ করলে যে কেউ টের পাবেন।
এ ব্যাপারে নিজের প্রত্যাশার কথা জানতে চাইলে এমদাদ চৌধুরী বলেন, এখনো বিভিন্ন সুযোগ আছে। দেখা যাক।
বিষয়টি আরেকটু খোলাসা করে বলার অনুরোধ জানালে তিনি বলেন, দেখুন সামনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আছে আরো নানান সুযোগ।
তিনি আরও জানান, সপ্তাহখানেকের মধ্যে সুসংবাদ পাওয়া যেতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.