প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১১:৫৬ (রবিবার)
কুলাউড়ায় পাঁচ হাজার চারা বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

কুলাউড়া বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সহকারী শিক্ষক সোহেল আহমদ, সাংবাদিকসহ গার্লস গাইডের সদস্যরা।

ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুলাউড়ার জন্য পাঁচ হাজার গাছের চারা বরাদ্দ পাওয়া গেছে। আগামী দুই মাসে উপজেলার প্রতিটি ইউনিয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপকারভোগীদের মধ্যে পর্যায়ক্রমে এসব চারা বিতরণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/অনি/পিটি