প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১২:৫৬ (রবিবার)
বার্মিংহামে প্রবাসীদের সংবর্ধনায় উজ্জীবিত টাইগ্রেসরা

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৪ জুন (রবিবার) যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ অভিযান। প্রথম ম্যাচে অংশ নিতে বাংলাদেশ নারী দল ইতোমধ্যেই বার্মিংহামে পৌঁছেছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই সফরকে সামনে রেখে গত ১১ জুন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দলকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং স্থানীয় বাঙালি কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কূটনীতিক, ক্রীড়া সংগঠক এবং প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। তারা নারী ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানান এবং বিশ্বকাপে ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ নারী দলের অধিনায়ক জ্যোতি প্রবাসীদের আন্তরিক ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে সবাই যেন দলের জন্য দোয়া করেন। প্রবাসীদের ভালোবাসা ও প্রত্যাশা দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের পতাকা বিশ্বমঞ্চে উড্ডীন করতে প্রস্তুত টাইগ্রেসরা। বিশ্বকাপ মিশনে তাদের সাফল্যের প্রত্যাশায় এখন তাকিয়ে রয়েছে দেশের কোটি ক্রিকেটপ্রেমী।

সিলেটভিউ২৪ডটকম/পিটি