প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৫:৩৪ (রবিবার)
প্র তা র ণা র গল্প নিয়ে সান্ডিম্যানের নতুন চলচ্চিত্র ‘ডিজিটাল ছায়া’

যুক্তরাজ্যের সুপরিচিত ও জনপ্রিয় তবলাবাদক সন্দীপ চক্রবর্তী (সান্ডিম্যান)-এর প্রযোজনা ও অভিনয়ে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘ডিজিটাল ছায়া’ মুক্তি পেয়েছে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই চলচ্চিত্রে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে এমন এক বাস্তব ঘটনাকে কেন্দ্র করে, যেখানে অনলাইনে প্রতারণার মাধ্যমে একজন বয়স্ক ব্যক্তির ব্যাংক হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। নির্মাতা সান্ডিম্যান জানান, বর্তমান সময়ে ভার্চ্যুয়াল জগতে প্রতিনিয়ত ঘটে চলা সাইবার প্রতারণা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই চলচ্চিত্রটির মূল উদ্দেশ্য।

চলচ্চিত্রটির প্রিমিয়ার শো আগামী ২৩ জুন সন্ধ্যা ৬টায় চিগওয়েলের প্রিন্স রিজেন্ট হোটেলে অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ উপলক্ষে গত ১২ জুন সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সান্ডিম্যান চলচ্চিত্রটি নির্মাণের পেছনের গল্প তুলে ধরেন এবং প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাঈদা চৌধুরী, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বকশ, সাংস্কৃতিক সংগঠক শাহাবুদ্দিন বাচ্চু এবং ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার আফরোজা বেগম।

চলচ্চিত্রটিতে সান্ডিম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতা, কৃষ্ণ, রুদ্র, মৌসুমী ও অলোক।

এর আগে লন্ডনের চিজউইক টাউন হল-এ আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্রটির ট্রেলার উন্মোচন করেন টলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি চলচ্চিত্রটির বিষয়বস্তু, নির্মাণশৈলী এবং নির্মাতা দলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি সংগীতশিল্পী থেকে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা হিসেবে সান্ডিম্যানের সৃজনশীল যাত্রারও ভূয়সী প্রশংসা করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়।

সংবাদ সম্মেলনে সান্ডিম্যান বলেন,
“শিল্পী, শুভানুধ্যায়ী এবং যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ‘ডিজিটাল ছায়া’ আমাদের সবার স্বপ্ন, আবেগ এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। আশা করি চলচ্চিত্রটি দর্শকদের শুধু বিনোদনই দেবে না, বরং সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন হতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‘ডিজিটাল ছায়া’ সান্ডিম্যানের শিল্পীজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। চলচ্চিত্রটি ব্রিটিশ-এশীয় ও বাঙালি সংস্কৃতির মধ্যে সৃজনশীল সেতুবন্ধন গড়ে তোলার একটি প্রয়াস হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছে।

সিলেটভিউ২৪ডটকম/শামীম/পিটি