প্রকৃত হামলাকারীদের আসামি না করে পূর্বের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ তুলে কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার।
রবিবার (১৪ জুন) বিকেল ৩টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার তিনচটি নয়াগ্রামের ফরিদ আহমদের পুত্র রুমেল আহমদ লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একই গ্রামের মৃত নুর উদ্দিনের পুত্র আবু লেইছ দীর্ঘদিন ধরে মাদকসেবনের সঙ্গে জড়িত। স্থানীয়দের অভিযোগ, গাছবাড়ি পশ্চিম বাজার সংলগ্ন সামিট মাদ্রাসার পাশের একটি নির্জন স্থানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। এ নিয়ে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠলে গত ২৪ মে রাতে মুখোশধারী দুর্বৃত্তরা ওই স্থানে হামলা চালায়। এতে আবু লেইছ আহত হন।
রুমেল আহমদের অভিযোগ, হামলার প্রকৃত ঘটনার তদন্ত না করে আবু লেইছ পূর্বের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার বাবা ফরিদ আহমদ, চাচা দুলাল আহমদ, ফাহাদ আহমদ, জয়নাল উদ্দিন, সালেহ আহমদ এবং চাচাতো ভাই জাফর, সুফিয়ান ও ফয়ছলকে আসামি করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আবু লেইছের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযোগ করা হয়, বিরোধপূর্ণ জমির একটি অংশ জবরদখল করা হয়েছে এবং আরও কিছু জমি দখলের চেষ্টা চলছে। এসব বিষয় নিয়ে পূর্বেও থানায় অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবারের দাবি, আবু লেইছ মাদকসেবনকালে সংঘটিত হামলায় আহত হলেও দায়ের করা মামলায় প্রকৃত হামলাকারীদের নাম উল্লেখ না করে প্রতিহিংসাবশত নিরীহ লোকজনকে জড়ানো হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়েরকৃত মামলার বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে কানাইঘাট থানা, সিলেটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন রুমেল আহমদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল মুতলিব, কুতুব উদ্দিন, আবু তাহের, সালেহ আহমদ এবং বীরদল আগকোপা গ্রামের আহমদ হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.