প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ২১:০৭ (সোমবার)
সুনামগঞ্জে মাদরাসা ছাত্রীকে ধ র্ষ ণ, যুবক গ্রে*ফ*তা*র

ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৯ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে শনিবার (১৩ জুন) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে ঢাকার সাভারের আর্জেন্ট পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

 

গ্রেফতারকৃত যুবক মো. হোসাইন আহমেদ (১৮)। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আগন রায়েরগাঁও এলাকার মো. আরশ আলীর ছেলে।

 

ঘটনার বিবরণ উল্লেখ্য করে র‌্যাব জানায়, ভিকটিম দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। মাদরাসায় যাতায়াতের পথে অভিযুক্ত হোসাইন আহমেদের সঙ্গে তার পরিচয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ জুন সন্ধ্যা ৭টার দিকে হোসাইন আহমেদ ভিকটিমকে ফোন করে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলি পাইকপাড়া এলাকায় ডেকে নেয়। পরে সিএনজিযোগে তাকে ছাতকের একটি বাস কাউন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাসে করে ভিকটিমকে ঢাকার মিরপুরে অভিযুক্তের এক আত্মীয়ের বাসায় নেওয়া হয়।

 

পরে ৪ জুন রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরদিন সকালে অভিযুক্ত তাকে টাঙ্গাইলে তার বোনের বাসায় যেতে বলে এবং টাকা-পয়সা সংগ্রহ করে পরে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। পরবর্তীতে ভিকটিম টাঙ্গাইলে তার বোনের বাসায় গেলে ঘটনাটি পরিবারের সদস্যদের জানানো হয়। পরে ভিকটিমের বাবা বিষয়টি জানতে পেরে বিস্তারিত শুনে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

মামলা দায়েরের পর র‍্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ এবং র‍্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি যৌথ দল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর আর্জেন্ট পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ৭ ও ৯(১) ধারায় দায়ের করা ১৫ নং মামলায় (তারিখ: ১০ জুন ২০২৬) এর এজাহারভুক্ত একমাত্র আসামি হোসাইন আহমেদকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া