প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১০:৫০ (মঙ্গলবার)
শাবিপ্রবিতে মাসব্যাপী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল ফিল্ডে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত কর্মসূচি ও চারা বিতরণকালে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রশিবিরের শাখা সভাপতি মাসুদ রানা তুহিন এবং শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এ বিষয়ে সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ ক্যাম্পাস বিনির্মাণে মাসব্যাপী এই অভিযান চলমান থাকবে।'

সিলেটভিউ২৪ডটকম/মোফাজ্জল/পিটি