‘নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী’ প্রতিপাদ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজন করে ‘নদী মেলা’।
সোমবার (১৫ জুন) দুপুরে এয়ারপোর্ট রোডস্থ গ্রান্ড সিলেট হোটেলের হলরুমে নদী, প্রকৃতি ও মানুষের পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক তুলে ধরা এবং নদী সংরক্ষণে জনসচেতনতা ও সামাজিক আন্দোলন জোরদারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি ও সংস্কৃতি নদীর সঙ্গে গভীরভাবে জড়িত। জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, নাব্যতা হ্রাস, দূষণ ও দখলের কারণে নদীগুলো হুমকির মুখে পড়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি প্রবাহ নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য রক্ষা ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, নদী সংরক্ষণে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগণ, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। “নদী মেলা ২০২৬” এ ক্ষেত্রে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত নদী মেলা অনুষ্ঠানে সিএনআরএসের প্রোগ্রাম ম্যানেজার নাদিম হোসেন আদর তার বক্তব্যে বলেন, এই মেলা কেবল উৎসব নয়; এটি জ্ঞান বিনিময়, সংলাপ ও সম্মিলিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তিনি জানান, “The People’s Riverscape” প্রকল্পের আওতায় পিয়াইন, সারি ও ধলাই নদীর অববাহিকায় অংশগ্রহণমূলক নদী ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক তথ্যের সমন্বয়ে টেকসই পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ, প্রকৃতি-ভিত্তিক সমাধান, নদীতীর সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, যা নদী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ভেরোনিকা বারকো জোরামস, প্রজেক্ট ডেভেলপমেন্ট লিড, অক্সফাম নেদারল্যান্ডস; পেত্রিকেলা ইয়োহানা ফ্রান্সিস্কা মারিয়া, পলিসি লিড (ক্লাইমেট রেজিলিয়েন্স), অক্সফাম নেদারল্যান্ডস; রাজন সুবেদি, প্রোগ্রাম ম্যানেজার, অক্সফাম নেপাল; ড. মোঃ সিবলী সাদিক, সিনিয়র পলিসি অ্যাডভাইজার (ওয়াটার), নেদারল্যান্ডস দূতাবাস, ঢাকা; সংঘা শ্রেষ্ঠা, রিসার্চ অ্যাডভাইজার, অক্সফাম নেপাল; এনামুল মজিদ খান সিদ্দিকী, প্রোগ্রাম ম্যানেজার, অক্সফাম ইন্টারন্যাশনাল-এশিয়া।
সিলেট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম,
এছাড়া নেদারল্যান্ডস দূতাবাস, অক্সফাম, TROSA প্রোগ্রাম, সরকারি বিভিন্ন দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও নদীনির্ভর জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ মেলার মাধ্যমে নদী সংরক্ষণে জনসচেতনতা বাড়বে, অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার হবে এবং টেকসই নদী ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.