যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত গ্রামীণ ঐতিহ্য চ্যারিটি নৌকা বাইচ প্রতিযোগিতা। রোববার অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশ ও ঐতিহ্যের আবহে পরিণত হয় এক ব্যতিক্রমী সাংস্কৃতিক মিলনমেলায়।
প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলভিত্তিক দল অংশ নিলেও শুরু থেকেই দুর্দান্ত সমন্বয়, গতি ও কৌশলগত নৈপুণ্য দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে জগন্নাথপুর দল। উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল পর্বে তারা আবারও বিজয়ের ধারাবাহিকতা বজায় রেখে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে প্রতিযোগিতায় রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে গোলাপগঞ্জ দল।
.gif)
ফাইনাল রেস ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। করতালি, স্লোগান এবং প্রিয় দলকে উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। প্রবাসের মাটিতে এমন একটি ঐতিহ্যবাহী আয়োজন দেখতে বিভিন্ন বয়সী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বিদেশের মাটিতে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং একই সঙ্গে চ্যারিটির মাধ্যমে মানবিক ও সামাজিক কার্যক্রমে সহায়তা করা। তারা বলেন, প্রবাসে বসবাস করলেও শেকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজয়ী দলের সদস্যরা বলেন, এই অর্জন শুধু একটি ট্রফি জয় নয়; বরং নিজেদের অঞ্চল, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানানোর একটি বড় সুযোগ। টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি তাদের জন্য গর্ব ও আনন্দের।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন নিউহাম কাউন্সিলর মেয়র ফরহাহ হোসেন। এ সময় তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী সমাজে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করে।
উপস্থিত দর্শক ও অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.