সুনামগঞ্জের তাহিরপুরে খনিজ বালু চুরির ঘটনায় এক ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা হয়েছে।
সোমবার (১৫ জুন) মামলাটি দায়ের করেন সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল কাইয়ুম।
মামলার আসামিরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত একলাছ মিয়ার ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মোসাহিদ হোসেন রানু এবং তার সহযোগী উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের ছাদেক মিয়ার ছেলে হাসান আলী। এছাড়া মামলায় আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ঘটনায় ২০০ ঘনফুট খনিজ বালুবোঝাই একটি স্টিল বডি (ইঞ্জিনচালিত) ট্রলার জব্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে তাহিরপুর উপজেলার ইজারাবিহীন মানিগাঁও শিমুল বাগান এলাকার সামনে পাটলাই নদীর উৎসমুখ থেকে ইউপি সদস্য মোসাহিদ হোসেন রানুর নেতৃত্বে শতাধিক শ্রমিক ৭ থেকে ৮টি স্টিল বডি ট্রলারে খনিজ বালু লুটের চেষ্টা চালায়।
এসআই আব্দুল কাইয়ুম খান জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয় এবং বালুবোঝাই একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। এ সময় ইউপি সদস্য রানু ও হাসান তাদের সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা জানান, অভিযুক্ত ইউপি সদস্য একাধিক সংঘর্ষের ঘটনায় জড়িত। এছাড়া তার বিরুদ্ধে সংঘর্ষ, খনিজ বালু চুরি, ভূমি দখল এবং পরিবেশ অধিদপ্তরের মামলাসহ কমপক্ষে ২৩টি মামলা আদালতে বিচারাধীন।
সিলেটভিউ২৪ডটকম/পিটি
আইটি ল্যাব সলিউশন্স লি.