আমাদের দেশে ভাজাপোড়া খাবার খুবই জনপ্রিয় | সকালে পুরি, দুপুরে ভাজি, বিকেলে সিঙ্গারা-সমুচা, রাতে ফাস্টফুড ভাজা খাবার ছাড়া যেন অনেকের চলেই না | ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই কমবেশি এসব খাবার খেতে পছন্দ করেন।
কিন্তু কখনো কি ভেবে দেখেছি, যে তেলে এসব খাবার ভাজা হচ্ছে সেই তেল কতটা নিরাপদ ?
অনেক সময় দোকান বা হোটেলে একই তেল বারবার ব্যবহার করা হয় | আবার অনেক পরিবারেও খরচ বাঁচানোর জন্য একবার ব্যবহৃত তেল পরে আবার রান্নায় ব্যবহার করা হয় | তেল বারবার গরম হতে হতে কালচে হয়ে যায়, ঘন হয়ে যায় এবং একসময় পুড়ে যায় |
অনেকের কাছে এটি স্বাভাবিক বিষয় মনে হলেও, জনস্বাস্থ্যের দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা |
পোড়া তেল বলতে কী বোঝায় ?
সহজ ভাষায় বলতে গেলে, তেল যখন বারবার গরম করা হয় বা অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে শুরু করে, তখন সেটিকে পোড়া তেল বলা যায় |
এই অবস্থায় তেলের গুণগত মান নষ্ট হয়ে যায় | তেল আর আগের মতো নিরাপদ থাকে না |
একটি সহজ উদাহরণ দিই |
সকালে সিঙ্গারা ভাজার জন্য একটি কড়াইয়ে তেল দেওয়া হলো | এরপর সেই একই তেলে সমুচা, আলুর চপ, বেগুনি, চিকেন ফ্রাই সারাদিন নানা খাবার ভাজা হলো | এভাবে বারবার গরম হওয়ার কারণে তেলের গুণাগুণ কমতে থাকে |
কেন এটি ক্ষতিকর হতে পারে ?
আমাদের শরীরের প্রতিটি অঙ্গ ভালো খাবারের ওপর নির্ভর করে | যখন আমরা অস্বাস্থ্যকর খাবার খাই, তখন শরীরের ওপর ধীরে ধীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে |
পোড়া তেল বা বারবার ব্যবহার করা তেলে রান্না করা খাবার নিয়মিত খাওয়ার ফলে
হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে |
ওজন বেড়ে যেতে পারে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন হতে পারে |
লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে |
হজমের সমস্যা হতে পারে |
এসব সমস্যা একদিনে হয় না | ধীরে ধীরে বছরের পর বছর ধরে শরীরে প্রভাব ফেলতে পারে |
একটি বাস্তব ঘটনা
প্রাথমিক স্বাস্থ্যসেবার কাজ করতে গিয়ে প্রায়ই দেখা যায়, অনেক মানুষ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ নিয়ে স্বাস্থ্যসেবা নিতে আসেন |
যখন তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন দেখা যায় অনেকেই নিয়মিত ভাজাপোড়া খাবার খান |
অবশ্যই শুধু পোড়া তেল কোনো রোগের একমাত্র কারণ নয় | তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি |
শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি কেন?
বর্তমানে শিশুদের অনেকেই চিপস, ফাস্টফুড, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এবং বিভিন্ন ভাজা খাবার খেতে পছন্দ করে |
বেশিরভাগ ক্ষেত্রে তারা জানে না খাবারটি কীভাবে তৈরি হয়েছে বা কোন তেল ব্যবহার করা হয়েছে |
শিশুকাল থেকেই যদি অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়ার অভ্যাস তৈরি হয়, তাহলে ভবিষ্যতে স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে |
তাই বাবা-মায়ের উচিত শিশুদের স্বাস্থ্যকর খাবারের প্রতি উৎসাহিত করা |
কীভাবে বুঝবেন তেল ভালো নেই ?
কিছু সাধারণ লক্ষণ দেখে সহজেই বোঝা যায়
✔️ তেলের রং কালো বা গাঢ় হয়ে গেছে।
✔️ তেল ঘন হয়ে গেছে।
✔️ তেল থেকে অস্বাভাবিক গন্ধ আসছে।
✔️ গরম করার সময় প্রচুর ধোঁয়া বের হচ্ছে।
✔️ ভাজা খাবারের স্বাদ অস্বাভাবিক লাগছে |
এ ধরনের তেল ব্যবহার করা থেকে বিরত থাকা ভালো |
আমরা কী করতে পারি?
খুব কঠিন কিছু নয় | ছোট ছোট কয়েকটি অভ্যাস আমাদের সুস্থ রাখতে সাহায্য করতে পারে।
১. একই তেল বারবার ব্যবহার করবেন না
যতটা সম্ভব একবার ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার না করাই ভালো |
২. তেল অতিরিক্ত গরম করবেন না
তেল থেকে ধোঁয়া বের হওয়া শুরু করলে বুঝতে হবে তেল অতিরিক্ত গরম হয়ে গেছে |
৩. ভাজাপোড়া খাবার কম খান
প্রতিদিন নয়, মাঝে মাঝে খান |
৪. ঘরে তৈরি খাবার বেশি খান
বাড়ির রান্না সাধারণত বেশি নিরাপদ |
৫. ফল ও শাকসবজি বেশি খান
এসব খাবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে |
দোকানদার ও ব্যবসায়ীদের দায়িত্ব
খাদ্য বিক্রি মানে শুধু ব্যবসা নয় মানুষের স্বাস্থ্যও এর সঙ্গে জড়িত |
কেন এখনই সচেতন হওয়া জরুরি ?
বাংলাদেশে বর্তমানে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী বাড়ছে | এসব রোগের পেছনে খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে |
আমরা যদি এখন থেকেই সচেতন হই, তাহলে ভবিষ্যতে অনেক স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব
পোড়া তেলের খাবার হয়তো মুখে সুস্বাদু লাগে, কিন্তু সব সুস্বাদু খাবার স্বাস্থ্যকর নয় | অনেক সময় সাময়িক স্বাদের জন্য আমরা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি ডেকে আনি |
আসুন, আমরা নিজেরা সচেতন হই, পরিবারকে সচেতন করি এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি |
মনে রাখবেন এক প্লেট ভাজাপোড়া খাবারের স্বাদ কয়েক মিনিটের, কিন্তু সুস্বাস্থ্যের মূল্য সারা জীবনের |
লেখক: মনজুরুল মাআবুদ, প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ (পুষ্টি ও স্বাস্থ্য)।
আইটি ল্যাব সলিউশন্স লি.