প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৭:১৫ (মঙ্গলবার)
অভিনেতা মোশাররফ করিমের ওপর হা*ম*লা*র দাবি এনসিপির

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অভিনেতা মোশাররফ করিমের ওপর হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্ট্যান্ড উইথ মোশাররফ করিম’ হ্যাশট্যাগ দিয়ে অভিনেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দলটি।
 

পাশাপাশি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগের বিরুদ্ধে মোশাররফ করিমের ওপর হামলার অভিযোগ তুলেছেন। তবে অভিনেতা ও তার স্ত্রী গণমাধ্যমে দেওয়া বক্তব্যে জানিয়েছেন হামলার দাবি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’, এমনটি ঘটেনি বলেও জানান তারা।
 

জানা গেছে, সম্প্রতি সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দাবি ওঠে, ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় মোশাররফ করিম ও তার স্ত্রী হামলার শিকার হয়েছেন।


পোস্টে বলা হয়, ‘কলকাতায় অভিনেতা মোশারফ করিমের উপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রী সহ যাচ্ছিলেন মোশারফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশরাফ করিমকে ‘‘লাল বদর’’ বলে গালাগালি করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশারফ করিমের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন এসে মোশারফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।’


এই দাবির সূত্র ধরে সামাজিক মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান।

নিজের ফেসবুক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। ১ আগস্ট ২০২৪; শিক্ষার্থীদের ঐতিহাসিক ৯ দফা দাবির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। সেই মোশাররফ করিমের ওপর পলাতক আওয়ামীলীগের হামলা প্রমাণ করে, ফ্যাসিবাদের দোসররা এখনও ঘৃণা ও সহিংসতার রাজনীতি থেকে বের হতে পারেনি। দেশের বাইরে গিয়েও তারা বাংলাদেশিদের জন্য হুমকি হয়ে উঠেছে।’
 

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নিয়ে হামলাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।


এদিকে গণমাধ্যমকে অভিনেতার স্ত্রী জানিয়েছেন, তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়।’

গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা নিজেও। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮