প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১৭:৫০ (মঙ্গলবার)
বৃহত্তর মদিনামার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে আজাদের মনোনয়নপত্র জমা

‎সিলেটের বৃহত্তর মদিনামার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আজাদ রহমান।


‎সোমবার (১৬ জুন) দুপুর ৩টায় উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।


এসময় তার সঙ্গে সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজাদ রহমান বলেন, “ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বাজারের সার্বিক উন্নয়ন এবং চাঁদাবাজি ও হয়রানিমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ ব্যবসায়ীরা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে বৃহত্তর মদিনামার্কেট ব্যবসায়ী সমিতিকে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও স্মার্ট ব্যবসায়ী সংগঠনে রূপান্তর করতে কাজ করব ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব।


‎তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ঐক্য, স্বার্থ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়েই কাজ করতে চান।


‎উল্লেখ্য, বৃহত্তর মদিনামার্কেট ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই অংশ হিসেবে সাধারণ সম্পাদক পদে আজাদ রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২