ছবি: সিলেট ভিউ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইল মিয়া হত্যা মামলায় জড়িত ১ জন গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (১৬ জুন) আনুমানিক মধ্যরাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন গোকর্ণঘাট পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর লক্ষ্মীপুর এলাকার সহিদ মিয়ার ছেলে সিহাব মিয়া (২২)।
ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানায়, নিহত ইসমাইল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উত্তর লক্ষিপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার আপন ভাই আলকাছ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও আলকাছ মিয়া সেই সিদ্ধান্ত মেনে নেননি। বরং তিনি ভুক্তভোগী পরিবারের ক্ষতি করার সুযোগ খুঁজছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আলকাছ মিয়াসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ইসমাইল মিয়ার বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় তারা লোহার রড দিয়ে ইসমাইল মিয়ার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলেকেও মারধর করা হয়।
একপর্যায়ে লোহার রডের আঘাতে ইসমাইল মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার গোকর্ণঘাট পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নবীনগর থানার মামলা নং-১৯ (তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬), পেনাল কোড ১৮৬০-এর ৪৪৭/৩২৩/৩০২/৫০৬/১০৯ ধারায় দায়ের করা ইসমাইল মিয়া হত্যা মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.