ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
ভারতে গিয়ে সিলেটের জকিগঞ্জের এক যুবক নিখোঁজ হওয়া নিয়ে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে। এই ঘটনার জের ধরে রঞ্জিত দাস নামের ভারতীয় এক কৃষককে ধরে নিয়ে এসেছিল সীমান্তবর্তী এলাকার লোকজন। পরে বিজিবির হস্তক্ষেপে বিএসএফ’র কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ডিপজল আহমদ নামের ওই বাংলাদেশি যুবককে সীমান্তের ওপারে গুলি করে হত্যা করেছে বিএসএফ। তার মরদেহ ভারতে আটকে রাখা হয়েছে। বিএসএফ প্রথমে হত্যাকাণ্ডের ঘটনা অস্বীকার করলেও পরে স্বীকার করে মরদেহ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
স্থানীয় সূত্র জানায়, সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিঘালী গ্রামের আহমদ আলীর ছেলে ডিপজল আহমেদ (২৫)সহ ৪-৫ জনের যুবক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান। এসময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ডিপজল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাকিরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসলেও এরপর থেকে ডিপজল নিখোঁজ হন।
এ ঘটনায় ওইদিনই বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিএসএফ বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি অস্বীকার করে। খবর পেয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার জকিগঞ্জ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
সূত্র আরও জানায়, বিএসএফ’র গুলিতে ডিপজলের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সীমান্তবর্তী লোকজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে ভারতের শ্রীভূমি জেলার রাজারটিলা জিপির অন্তর্গত কিন্নখাল এলাকার বাসিন্দা রঞ্জিত দাস (৬০) নামের এক ভারতীয় নাগরিককে সীমান্তের শূন্যরেখা এলাকা কয়েকজন যুবক ধরে বাংলাদেশে নিয়ে আসেন। এই সংবাদে সীমান্তের ওপারের বাসিন্দাদেরও মাঝেও ক্ষোভ দেখা দেয়। পরে মঙ্গলবার রাত ৯টার দিকে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে রঞ্জিত দাসকে অক্ষত অবস্থায় ভারতের কাছে হস্তান্তর করা হয়।
জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক রঞ্জিত দাসকে ফেরত দেওয়ার সময় বাংলাদেশি নাগরিক ডিপজল গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারে জানতে চাওয়া হয়। তখন বিএসএফ ঘটনাটি অস্বীকার করে। তবে বুধবার দুপুরে বিএসএফ ডিপজলের মৃত্যুর বিষয়টি স্বীকার করে মরদেহ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘লোকমুখে শুনেছি, একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর নিখোঁজ হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশিরা ধরে নিয়ে এসেছে বলেও খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। সীমান্তসংক্রান্ত বিষয় হওয়ায় বিজিবির পাশাপাশি পুলিশও সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।’
এ ব্যাপারে জানতে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সিলেটভিউ২৪ডটকম/ হাছিব/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.