ছবি: সিলেট ভিউ।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্ত্রীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ব্রিজের ওপর গিয়ে লুঙ্গির কোচ থেকে ধারালো ছুরি বের করে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একমাত্র আসামি স্বামীকে ১২ ঘন্টার মধ্যে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গ্রেফতারকৃত আসামি- সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার চন্দ্রপুর এলাকার ছুরাব আলীর ছেলে আমির আলী (৪৫)।
নিহত ওই মহিলা আছিয়া বেগম। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার চন্দ্রপুর এলাকার ছুরাব আলীর ছেলে আমির আলীর স্ত্রী।
ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানায়, নিহত আছিয়া বেগম ছাতক উপজেলার আলাপুর এলাকার বাসিন্দা। প্রায় ১৮-১৯ বছর আগে আমির আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর গত ১৩ বছর ধরে তারা আছিয়া বেগমের পিতার বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো এবং আমির আলী স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে আছিয়া বেগম বাজারে কাপড় কিনতে যেতে চাইলে স্বামী তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে একই দিন বিকেল আনুমানিক পৌণে ৪টার দিকে স্ত্রীকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে আমির আলী আলাপুর এলাকার একটি ব্রিজের ওপর নিয়ে যান। সেখানে পৌঁছে তিনি লুঙ্গির কোচ থেকে ধারালো ছুরি বের করে আছিয়া বেগমের পেট, বুক ও ডান পায়ে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আছিয়া বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া
আইটি ল্যাব সলিউশন্স লি.