এবারের বিশ্বকাপে দ্রুততম গোল করে শুরুতেই এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। তবে দারুণ খেলে ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। এতে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটেই গোলের দেখা পায় চেক প্রজাতন্ত্র। ডান দিক থেকে হ্লোজেক বলটি কাট ব্যাক করেন। সেখান থেকে সয়কা বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাড়িয়ে দেন মিখাল সাদিলেককে। সময় ও জায়গা পেয়ে সাদিলেক নিখুঁত শটে গোলরক্ষক উইলিয়ামসকে পরাস্ত করেন।
শুরুতে পিছিয়ে গেলেও ম্যাচে ফেরার একাধিক সুযোগ তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার সামনে। তবে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করতে থাকে দক্ষিণ আফ্রিকা। এর ফল পায় ম্যাচের ৮৩ মিনিটে। মাসেকোর নেওয়া শটটি বদলি খেলোয়াড় শুল্কের হাতে লাগে। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা।
এতে শুরুতে পিছিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচটি ড্র হওয়ায় এই গ্রুপের অপর দুই দল মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া মধ্যকার ম্যাচে যদি কোনো দল জিতে তাহলে তারা এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট (শেষ ৩২) পর্বে জায়গা করে নেবে।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.