বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ ও বিধিমালা অনুসরণ নিশ্চিত করতে নতুন প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) ওয়ার্ক ভিসার সংখ্যা কমিয়ে সর্বোচ্চ পাঁচটি নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
কিওয়ার নতুন নির্দেশনা অনুযায়ী, দুই বছরের কম সময় ধরে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ পাঁচটি তাৎক্ষণিক ওয়ার্ক ভিসা পাবে। অন্যদিকে, দুই বছরের বেশি পুরোনো প্রতিষ্ঠানগুলো একবারে অথবা একই সপ্তাহে একাধিক আবেদনের মাধ্যমে সর্বোচ্চ ৫০টি ভিসা গ্রহণ করতে পারবে।
কিওয়া আরও জানিয়েছে, ‘এস্টাবলিশমেন্ট প্রোগ্রাম’-এর আওতাভুক্ত এবং নির্ধারিত শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে দুটি ভিসা পাবে। পরবর্তীতে সৌদিকরণ (Saudization) হার বৃদ্ধি করলে তারা অতিরিক্ত ভিসা বরাদ্দের সুযোগ পাবে।
বিদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে ১০টি বাধ্যতামূলক শর্তও নির্ধারণ করেছে কিওয়া। এর মধ্যে রয়েছে— প্রতিষ্ঠানের সক্রিয় ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখা, কর্মীদের বৈধ ওয়ার্ক পারমিট থাকা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন সংরক্ষণ, সৌদিকরণ নীতিতে অন্তত ‘মিডিয়াম গ্রিন’ শ্রেণিতে থাকা, মজুরি সুরক্ষা কর্মসূচির বিধান মেনে চলা এবং ‘আবশের’ বা ‘মুকিম’ প্ল্যাটফর্মে পর্যাপ্ত ব্যালেন্স রাখা।
এ ছাড়া ১০ বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য বার্ষিক স্ব-মূল্যায়ন সম্পন্ন করা, কিওয়া প্ল্যাটফর্মে কর্মস্থল নিবন্ধন করা, নিয়োগকর্তার ন্যূনতম বয়স ১৮ বছর হওয়া এবং ভিসার ধরন অনুযায়ী পর্যাপ্ত নিয়োগ কোটা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নীতির মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বৃদ্ধি এবং শ্রমবাজারে নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় সৌদি কর্তৃপক্ষ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.